মেলায় একুশের আবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহালেই প্রভাতফেরি, রাত পোহালেই অমর একুশে ফেব্রুয়ারি। তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গতকাল মঙ্গলবার বিকেলে শাহবাগের স্লোগানে মুখর গণজাগরণ মঞ্চের পাশ দিয়ে বইমেলার দিকে যেতে চোখে পড়ল তার কিছু নমুনা। টিএসসি থেকে শহীদ মিনারমুখী পথে, শহীদ মিনারের সামনে আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনের প্রাচীরে পড়ছে তুলির আঁচড়। তরুণ আঁকিয়েরা আত্মনিবেদিত ঐতিহ্যবাহী নকশা আর বর্ণমালায় এলাকাটিকে অলংকৃত করে তুলতে। বিশ্ববিদ্যালয় এলাকা নবীন বসন্তের হাওয়ায় যেন ভাসছে অমর একুশের আগমনী সুর। বইমেলাতেও ছিল আসন্ন অমর একুশের আবহ।আমার বর্ণমালা: এবার একুশের প্রথম প্রহরে বাংলা একাডেমী অবমুক্ত করছে ইউনিকোড সুবিধাসংবলিত বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’। গতকাল বেলা ১১টায় একাডেমীতে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে এটি অবমুক্ত করবেন। বাংলা একাডেমী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ (এটুআই) যৌথভাবে এই ফন্ট তৈরি করেছে। এই ফন্ট ইন্টারনেট ও কম্পিউটার মাধ্যমে লেখার সব ক্ষেত্রে ব্যবহূত হবে।মহাপরিচালক বলেন, ‘বাংলা ভাষাভাষীদের জন্য সর্বজনীন ফন্ট একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রচলিত বাংলা ফন্টগুলোতে কিছু সীমাবদ্ধতা আছে। এই ফন্টে ইন্টারনেটে লেখালেখি করতে অসুবিধা হয়। আমার বর্ণমালা ফন্ট ব্যবহার করার ফলে এই অসুবিধা দূর হবে।’শামসুজ্জামান খান জানান, ‘আমার বর্ণমালা’ ফন্টে মোট তিনটি ধরন থাকবে। আপাতত বাজারে আসছে ‘শাপলা’ ও ‘দোয়েল’ এই দুটি। বৈশাখ মাসে তৃতীয় ধাপের ফন্ট আসবে। সেটি আরও সুন্দর ও উন্নত হবে।সংবাদ সম্মেলনে এটুআই প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার, ফন্ট বিশেষজ্ঞ জামিল চৌধুরী, তথ্যপ্রযুক্তিবিদ নাইমুজ্জামান, চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান নাইমা হক ও একাডেমীর পরিচালক শাহিদা খাতুন উপস্থিত ছিলেন।মেলায় হুমায়ূন আহমেদের মা: তিনি মেলায় এলেই তাঁকে ঘিরে উপচে পড়ত ভিড়। জনপ্রিয়তার এই ‘বিড়ম্বনা’ এড়াতেই নিয়মিত মেলায় আসা হতো না তাঁর। কিন্তু এবার মেলায় পড়বে না জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের পায়ের চিহ্ন। পড়বে না আর কোনো দিন। তবে মেলায় প্রবলভাবেই উপস্থিত তাঁর সৃষ্টি। আছে তাঁকে নিয়ে লেখা অন্যদের বইও। সেখানেই অনুরাগীরা খুঁজে পাচ্ছেন প্রিয় লেখককে। গতকাল হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা একটি বই এসেছে অন্যপ্রকাশে। হুমায়ূন আহমেদ ও যত কথা। লেখক মুনীর আহমেদ হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ বন্ধু। প্রায় অর্ধশতাব্দী হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকার স্মৃতি নিয়েই এই বই। বইটির মোড়ক উন্মোচন করতে বিকেলে মেলায় এসেছিলেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। সঙ্গে ছিলেন তাঁর দুই মেয়ে ও ছোট ছেলে কার্টুনিস্ট ও রম্যলেখক আহসান হাবিব। মোড়ক উন্মোচন করে মাত্রই দু-এক কথা বলেন হুমায়ূন জননী। আর অশ্রুরুদ্ধ কণ্ঠে ছেলের জন্য দোয়া চাইলেন সবার কাছে।অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানালেন, হুমায়ূন আহমেদের সর্বশেষ উপন্যাস দেয়াল আজ মেলায় আসছে।বই অনেক, বৈচিত্র্য নেই: ‘মেলায় বই আসছে অনেক। তরুণ লেখকদের বই বেশি। এটা আশাপ্রদ, তবে বিষয়বৈচিত্র্য খুবই কম। কেবল কবিতা-উপন্যাস আর গল্প’, বলছিলেন কবি নাসির আহমেদ। তিনি বলেন, ‘বিষয়বৈচিত্র্য না বাড়লে প্রকাশনার সার্বিক মানও বাড়বে না। মেলায় কয়েক হাজার বই প্রকাশিত হয়, কিন্তু যে বইটি না কিনলে মনে হবে যে ‘মিস হলো’, এমন বইয়ের সংখ্যা খুবই নগণ্য। অনেক ক্ষেত্রেই মননকে সমৃদ্ধ ও বোধ-বুদ্ধিদীপ্ত করার মতো বইয়ের জন্য আমাদের সেই ৩০-৪০ বছর বা আরও আগের লেখকদের বই-ই পড়তে হচ্ছে।’ তবে নাসির আহমেদ এ-ও বললেন, অন্তত মেলার সময় লোকে বেশ কিছু বই কিনছে। বাড়িতে কিছু বই যাচ্ছে, এটার গুরুত্ব কম নয়। তিনি জানালেন, র‌্যামন থেকে এবার তাঁর একটি কবিতার বই বেরিয়েছে মাটি ও বৃষ্টির মতো।নতুন বই: গতকাল মেলায় নতুন বই এসেছে ৭৯টি। মেলার উল্লেখযোগ্য নতুন বইয়ের মধ্যে রয়েছে: ইত্যাদি থেকে হাসান আজিজুল হকের প্রবন্ধ চিন্তন-কণা। আদর্শ থেকে সুব্রত অগাস্টিন গোমেজের কবিতা আমাকে ধারণ করো অগ্নিপুচ্ছ মেঘ। অনুপম থেকে যতীন সরকারের প্রবন্ধ যুগান্তরের ঘূর্ণিপাক ও বাংলাদেশের উপন্যাস, বিশ্বজিৎ ব্যানার্জির বাংলাদেশের মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক ধারা। অবসর থেকে বরেণ চক্রবর্তীর উপন্যাস দূরবর্তিনী, অনুপম সেনের সাহিত্য সমালোচনা কবি সমালোচক শশাঙ্কমোহন সেন, কথা থেকে ভীষ্মদেব চৌধুরীর জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ, গদ্যপদ্য থেকে সরকার আমিনের কবিতা মৃত্যুর ওষুধ। চন্দ্রবাতি একাডেমী থেকে আখতার হুসেনের গল্প কর্ণকুসুম ও কালো পাখার প্রজাপতি। অনিন্দ্য থেকে মুস্তাফা নূরউল ইসলাম ও সৌমিত্র শেখরের প্রবন্ধ মুক্তিযুদ্ধের চল্লিশ বছর, খড়িমাটি থেকে হারুণ অর রশিদের কিশোর উপন্যাস সোনালী মেঘের পাখা ইত্যাদি।প্রসূতির জন্য কাজের বই: গর্ভধারণ, প্রসব ও প্রসবের পরে প্রসূতি মায়েদের কীভাবে সেবা দিতে হবে, প্রসবের জন্য কীভাবে তাঁরা প্রস্তুত হবেন, এ সময় কী কী সতর্কতা অবলম্বন জরুরি এবং নবজাতকের পরিচর্যাই বা কীভাবে করবেন সহজ ভাষায়, তার বিস্তারিত বিবরণ রয়েছে প্রথমার স্টলে গতকাল নতুন আসা প্রসূতি ও প্রসব বইতে। এ বইয়ে লিখেছেন অধ্যাপক ডা. সাহানারা চৌধুরী ও ডা. জাহিদ মনজুর। এ ছাড়া এসেছে মুক্তিযুদ্ধবিষয়ক বই জহিরুল ইসলামের মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়।মেলা মঞ্চে: গতকাল মেলা মঞ্চে ছিল ‘আবু হেনা মোস্তফা কামাল’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ পড়েন অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচনা করেন অধ্যাপক হায়াৎ মামুদ, অনু হোসেন, শরীফ আতিক-উজ-জামান ও ফারজানা সিদ্দিকা। সভাপতিত্ব করেন আসাফ্উদ্দৌলাহ্। আজ আলোচনার বিষয় ‘ফোকলোর চর্চার আধুনিকায়নের সমস্যা এবং বিজয় সরকার’।