মেলার পরিসর
গত ২০ বছরে একুশে বইমেলার খুব বেশি পট-পরিবর্তন হয়নি। একদিকে যেমন সংকুচিত হয়েছে, অন্যদিকে তেমনি নানা কারণে স্টলের সংখ্যা বেড়েছে। এতে অদূর ভবিষ্যতে মেলার শ্রীবৃদ্ধি হবে, এটা আমার মনে হয় না। ভবিষ্যতে এই মেলার ক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথমত, মেলার যে আদল এখন রয়েছে, সে আদলেই বছরের পর বছর চলতে থাকবে। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে, বেসরকারি খাত যদি ঠিকমতো উদ্যোগ নেয়, তবে মেলাকে বাংলা একাডেমীর প্রাঙ্গণ থেকে বাইরে আনা যেতে পারে। কয়েক দশক আগে আমরা সাত-আটজন মিলে আনুষ্ঠানিকভাবে প্রথম এই বইমেলার আয়োজন করেছিলাম। তখন সেটা ব্যক্তি-উদ্যোগেই হয়েছিল; যদিও তখন সহায়তা দিয়েছিল জাতীয় গ্রন্থকেন্দ্র। যে মেলার সূচনা ঠিক বাংলা একাডেমীর হাতে নয়, সেই মেলার কারণে বাংলা একাডেমী প্রায় এক থেকে দেড় মাস সময় অপচয় করবে—এটা কাজের কথা নয়। মেলার মাসে একাডেমীর রুটিন কার্যক্রমও প্রায় স্থবির হয়ে যায়। এটা অনুমান করা খুব কঠিন নয় যে, এর সুবিধাভোগী কারা হয়ে থাকে।রেসকোর্স ময়দানে সাংস্কৃতিক বলয় তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এর বাস্তবায়নে কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এই প্রাঙ্গণে বইমেলাকে এনে এর বেসরকারীকরণ করা যেতে পারে। বর্তমান সরকারের মধ্যে সংস্কৃতিমনা যেসব নেতা আছেন, তাঁদের কাছে আমার আরজি থাকবে, বইমেলা যাতে ওই সাংস্কৃতিক বলয়ের মধ্যে হয়, তার উদ্যোগ নিন। বাংলা একাডেমীর ক্ষুদ্র পরিসর থেকে মেলাকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ করে দিন।মহিউদ্দিন আহমেদ: প্রকাশক