মেলার মাঠেও খেলার উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রন্থমেলায় গতকাল শনিবার ভিড় ছিল তুলনামূলক কম। সাকিব-তামিম-রাজ্জাকদের খেলা ছেড়ে কে যাবে মেলায়? যারা গেছে, তাদেরও মন পড়ে ছিল মিরপুর স্টেডিয়ামে। অনেককে দেখা গেল, কানের কাছে রেডিও নিয়ে মেলায় ঘুরছে। ল্যাপটপ নিয়ে বসে ছিল অনেকে। ইন্টারনেটের মাধ্যমে খেলার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। হরহামেশাই তাদের দিকে উড়ে আসছিল প্রশ্ন, ‘কত রান হলো?’ যাদের কাছে রেডিও নেই, তারাও একেবারে বেখবর নয়। কিছুক্ষণ পর পর মুঠোফোনে জেনে নিচ্ছিল দলের অবস্থা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, মেলার মাঠেও উত্তাপ ছড়িয়েছিল ক্রিকেট।গতকাল সকালেই খুলেছিল মেলার ফটক। পরিবেশ ছিল দারুণ। বর্ধমান হাউসঘেঁষা আমগাছের শাখায় ঝাপটা দিয়ে যাচ্ছিল বসন্তের এলোমেলো হাওয়া। নজরুল একাডেমির স্টল এই আমগাছটি ঘিরে। স্টলের নিচেই কিছু ঝরাপাতা। মুকুলের গন্ধে বাতাস ম-ম। সবকিছুতেই বসন্তের ছোঁয়া। ভিড়ভাট্টা কম থাকায় যাচাই-বাছাই করে বই কেনার সুযোগ পেয়েছিল গ্রন্থানুরাগীরা। বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের হিসাবে, ইতিমধ্যে এক হাজারের বেশি নতুন বই এসেছে মেলায়। আবৃত্তিকার মাহিদুল ইসলামকে দেখা গেল, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির সঙ্গে মিলিয়ে টি-শার্ট পরে মেলায় ঘুরছেন। তিনি বলেন, ছুটির দিনে এমন হালকা ভিড় থাকলে ভালো লাগে। অন্তত ঘুরেফিরে, যাচাই-বাছাই করে বই কেনা যায়। মেলায় গতকাল লেখক সৈয়দ আবুল মকসুদ, আসাদ চৌধুরী, নুরুল হুদা প্রমুখ ব্যক্তিত্বকে দেখা গেছে। বহেড়াতলায় তারুণ্যের পদচারণওঁদের অনেকের গায়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জার্সি-সদৃশ টি-শার্ট। একজন চিত্কার করে গান করছেন, ‘প্রিয় আকাশি বইমেলার নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে...।’ তারুণ্যদীপ্ত এই উপস্থিতি ছিল বর্ধমান হাউসের পেছনে বহেড়াতলায়। ‘আমরা না এলে মেলাই জমে না।’ বহেড়াতলায় লিটল ম্যাগাজিন চত্বরের আড্ডায় কয়েকজন তরুণ লেখক এ দাবি করলেন। তাঁদের দাবি একেবারে অমূলকও নয়। কেননা, গ্রন্থমেলায় তরুণদের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বহেড়াতলা। মূলধারার প্রকাশনাজগতের বাইরে ছোট পত্রিকাকেন্দ্রিক তরুণ লেখকদের পদচারণে এ জায়গাটি মাসজুড়ে থাকে মুখরিত। কালও এর ব্যতিক্রম হয়নি। অন্যান্যবার লিটল ম্যাগাজিন চত্বর নিয়ে প্রকাশক-সম্পাদকদের মধ্যে হতাশা থাকলেও এবার ঘটেছে ব্যতিক্রম। এবার চত্বরে একাডেমীর পক্ষ থেকে আলাদা করে স্টল তৈরি করে দেওয়া হয়েছে। নতুন বই ১০০, মোড়ক উন্মোচিত হয়েছে ১৪পাঠকের ভিড় কম হলেও নতুন বইয়ের প্রকাশ নেহাত কম ছিল না। গতকাল ১০০টি নতুন বই এসেছে মেলায়। আর ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে নজরুল মঞ্চে। নতুন বইয়ের তালিকায় আছে: প্রথমা প্রকাশন থেকে নজরুল ইসলামের বাংলাদেশের গ্রাম: অতীত ও ভবিষ্যত্, অনুপম প্রকাশনী থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের হিকমতে চীন, সূচীপত্র থেকে অধ্যাপক আবু সাইয়িদের একাত্তরে বন্দী মুজিব: পাকিস্তানের যন্ত্রণা, মাওলা ব্রাদার্স থেকে মাসুক হেলালের ড্রয়িং ও লেখা নিয়ে আঁখি মঞ্জিয়া দেখি রূপ, ইত্যাদি থেকে হরিপদ দত্তের আত্মকথাজাতিস্মরের জন্মজন্মান্তর, গতিধারা থেকে বিলু কবীরের বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস, বিদ্যাপ্রকাশ থেকে শামীম আজাদের রানীর দেশে রঙিন বেশে, বিদ্যা থেকে হাসান হাফিজের মন জুড়ানি রূপকথা, কাশবন থেকে রম্যরচনা জোড়া হাতি রিমান্ডে, আফতাব বুক হাউস থেকে রাখাল চন্দ্র দাসের রম্য কবিতাউল্টো হাওয়া, আগামী থেকে তিতাস চৌধুরীর প্রবন্ধ আমাদের মুক্তিসংগ্রামে নজরুল সংগীতের ভূমিকা, বিদ্যাপ্রকাশ থেকে সারওয়ার-উল-ইসলামের উপন্যাস কিশোর ফিরে আসেনি, উত্স প্রকাশন থেকে শফিক ফাতেমার সবুজ বাঙালীর অবুঝের নিমহ্যানস, সঞ্জীব দ্রংয়ের ধরিত্রী আমার নয় আমিই ধরিত্রীর, শিল্পতরু থেকে সাইফুর রহমান চৌধুরীর মাধুর্য তোমার মৌলি, দীপ্তি থেকে আতিউর রহমানের রবীন্দ্রসাধক ওয়াহিদুল হক, শ্রাবণ থেকে কামরুজ্জামানের কবির জোছনায়, অবসর থেকে ভূমেন্দ্র গুহর আলেখ্য: জীবনানন্দ, সাহিত্য বিলাস থেকে ডা. সালমা বেগম ও রুবেল আনছারের মার্কসীয় সমাজে ও দর্শন সাহিত্যে, অনুপম থেকে যতীন সরকারের রচনা সমগ্র-২, ঐতিহ্য থেকে খালেদ মাহমুদের বর্ণিল অস্তিত্বের ঠিকানা, বাঙলায়ন থেকে জয়দুল হোসেনের সমুদ্রতীরে একা, বিভাস থেকে আতা সরকারের মামা বাড়ি পালাই পালাই, হাওলাদার থেকে মোহাম্মদ রফিক উজ্জামানের বাংলা গান বিবিধ প্রসঙ্গ, জাতীয় সাহিত্য প্রকাশ থেকে বাবুল ভট্টাচার্যের গৌতম বুদ্ধ ইত্যাদি। মেলামঞ্চে রবীন্দ্রনাথ ও নজরুলবিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে আলোচনা অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও নজরুল’ শীর্ষক প্রবন্ধ পড়েন অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচক ছিলেন নজরুল গবেষক ও শিল্পী আসাদুল হক, কবি মুহম্মদ নূরুল হুদা এবং অধ্যাপক রাজীব হুমায়ুন। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম। প্রাবন্ধিক বলেন, রবীন্দ্র-পরবর্তী সব কবির রচনায় রবীন্দ্রনাথের প্রভাব ছিল সুস্পষ্ট। সে সময়ের দু-চারজন কবি চেষ্টা করেছেন রবীন্দ্রনাথকে এড়িয়ে চলার। একমাত্র নজরুল ইসলামের পক্ষে সেটা সম্ভব হয়েছিল। ভাষা, আবেগ, শব্দচয়ন, বিষয়বস্তুর দিক থেকে নজরুল একেবারেই স্বতন্ত্র ছিলেন।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোর নাটিকা জাগো সুন্দর চির কিশোর পরিবেশন করে আবৃত্তি সংগঠন ক’জনা। নজরুলসংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, তালুকদার জান্নাত হোসেন, শহীদ কবীর পলাশ, বিজন চন্দ্র মিস্ত্রী, মাহবুবা রহমান প্রমুখ।