মেলায় অনুমোদনহীন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিহ্যাব মেলায় ক্রেতাদের কাছে রাজউকের অনুমোদনহীন প্রকল্পের প্লট বা ফ্ল্যাট প্রদর্শন বা বিক্রি করা হচ্ছে না বলে দাবি করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। তবে কোনো প্রতিষ্ঠান এ ধরনের কাজে লিপ্ত থাকলে রিহ্যাব থেকে সদস্যপদ বাতিল করা হবে।গতকাল শনিবার প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা এ কথা বলেন। একাধিক পত্রিকায় রিহ্যাব মেলায় অনুমোদনহীন প্রকল্পের প্রদর্শনী হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর রিহ্যাবের পক্ষ থেকে এ বক্তব্য দেওয়া হয়।সংবাদ সম্মেলনে অংশ নেন রিহ্যাবের সহসভাপতি সাঈদ নজরুল, সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ান, কার্যনির্বাহী সদস্য আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।একটি প্রতিবেদনের উদাহরণ টেনে রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী বলেন, প্রতিষ্ঠান ও প্রকল্পের মধ্যে তফাত রয়েছে। রিহ্যাব কোনো প্রকল্পকে মেলায় অংশ নেওয়ার সুযোগ দেয় না, প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়। কিন্তু প্রতিবেদনে মেলায় অনুমোদনহীন প্রকল্প প্রদর্শিত হচ্ছে বলে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ‘তবে এখন আমরা বুঝতে পারছি, একটি প্রতিষ্ঠানের একাধিক প্রকল্প থাকতে পারে। এর মধ্যে দু-একটি প্রকল্পে রাজউকের অনুমোদন না-ও থাকতে পারে। রিহ্যাবের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে পারি যে মেলায় কোনো প্রতিষ্ঠান কোনো অনুমোদনহীন প্রকল্প প্রদর্শন করছে না।’অন্যদিকে রিহ্যাবের লিখিত বক্তব্যে দাবি করা হয়, রিহ্যাবের এক হাজার ৩৫টি সদস্য-প্রতিষ্ঠানের মধ্যে অল্প কিছু প্রতিষ্ঠান ভূমি উন্নয়নের সঙ্গে জড়িত। মেলায় অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিষ্ঠানই মূলত অ্যাপার্টমেন্টের প্রচার ও বিপণন করছে। স্টল বরাদ্দের পূর্বে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে মেলায় কোনো অনুমোদনহীন প্রকল্পের ফ্ল্যাট বা প্লট প্রদর্শন না করার শর্ত দেওয়া হয়েছে। অনুমোদনহীন প্রকল্পসমূহের বিক্রি ও বিপণন বন্ধ করতে রিহ্যাব সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।মেলা কমিটির আহ্বায়ক মহসীন মিয়া জানান, গণমাধ্যমের প্রতিবেদনের কারণে মেলার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।সংবাদ সম্মেলনে রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরীর উপস্থাপিত লিখিত বক্তব্যে আগামী ২০১১-১২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আবাসনশিল্পের ওপর উৎসে কর বৃদ্ধি অযৌক্তিক বিবেচনায় এনে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।