মেলায় আজ শিশু প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির দুই দিন, তারপর পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস। টানা চার দিন ধরে অমর একুশের গ্রন্থমেলা আক্ষরিক অর্থেই ছিল জনাকীর্ণ। ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল সোমবার টিএসসিতে নানা ধরনের আয়োজন ছিল। সপ্রতিভ নবীন যুগলেরা প্রজাপতির চঞ্চলতা নিয়ে ঘুরে বেড়িয়েছেন পুরো এলাকা। ব্যক্তিগত গাড়ির সারি শাহবাগ থেকে পথের অর্ধেক অংশ জুড়ে দাঁড় করিয়ে রাখা। এর সঙ্গে আছে রিকশা, মোটরবাইক, গণপরিবহন, এমনকি জুড়ি ঘোড়ায় টানা টমটম অবধি। ফলে বিকেলের দিকে এত তীব্র যানজট সৃষ্টি হয়েছিল যে, পথ হয়ে পড়েছিল স্থবির। মেলায় প্রবেশপথেও আবার বসেছে ফেরিওয়ালাদের পণ্যের পসরা। এত দিন সেখানে দু-একজন দুস্থ রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। গতকাল দেখা গেল পথের ওপর মাইক বসিয়ে রীতিমতো কোনো এক মাদ্রাসার জন্য উদার হস্তে খয়রাত করার ওয়াজ-নসিহত করা হচ্ছে।মেলায় ভিড় তো থাকবেইসব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ভালোবাসার কাব্য আমার চোখে তোমার ছবি প্রকাশ হলো গতকাল শুদ্ধস্বর থেকে। প্রকাশকের স্টলেই কথা হচ্ছিল তাঁর সঙ্গে। মেলায় গমগমে পরিবেশ দেখে বলেন, ‘মেলায় তো একটু ভিড়ভাট্টা হবেই। দু-একজন হারিয়ে যাবে, দু-চারজনের পকেট মারা যাবে। স্টল থেকে সুযোগ বুঝে গোটাকতক বই কেউ তুলে নেবে। এটাই তো স্বাভাবিক। এই তো আমার সামনেই একজন এখান থেকে টপ করে একটি বই তুলে নিচ্ছিল। চোখে পড়ায় তাকে বললাম, লেখকের সামনে থেকে বিনা মূল্যে বই নেওয়াটা কি ঠিক হবে?’ তবে মেলার অবস্থা এমন থাকবে না আগামী বছর থেকে। পরিসর বাড়ানো হবে। একাডেমীর সামনের প্রাচীর ভেঙে সামনের দিকে মেলা সম্প্রসারণের বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলে তিনি জানালেন। বইয়ের মান নিয়ে তাঁর মন্তব্য হলো, ‘কোনো দেশেই কোনো ভাষাতেই ভালো বই হাজার হাজার প্রকাশিত হয় না। ভালো বইয়ের সংখ্যা সর্বত্রই কম। এখানে মেলায় পাঁচ হাজার বইয়ের মধ্যে যদি ৫০টি বইও কালের বিচারে টিকে যায়, তাহলেই আমি মনে করব অনেক ভালো কাজ হয়েছে।’ তবে এবারের মেলায় এখন বিশেষ করে উল্লেখ করার মতো কোনো বই তাঁর চোখে পড়েনি বলে জানালেন তিনি। এবার মেলায় তাঁর আরও দুটি কাব্য প্রকাশিত হয়েছে তোমার নক্ষত্র এই রক্তের লোহিতে এবং ভালোবাসার রাতে ।কার্ডেও কেনা যাবে বইমেলায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ হয়েছিল আগেই। নতুন বইয়ের তালিকা দেওয়া হয়েছে একাডেমীর ওয়েবসাইটে। পুরো মেলা চত্বর আনা হয়েছে বিনা খরচায় ইন্টারনেট ব্যবহারের আওতায়। এবার মেলায় আরও এক ধাপ এগিয়ে প্রকাশকেরা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার সুযোগ তৈরি করে দিয়েছে ক্রেতাদের। প্রথমবারের মতো এই ব্যবস্থা করা হয়েছে অন্যপ্রকাশের স্টলে। প্রকাশক মাজহারুল ইসলাম জানালেন, ভিসা ও মাস্টারকার্ড ব্যহার করে অনেক ক্রেতাই তাঁদের পছন্দের বই কেনাকাটা করছেন। এবার মেলায় ইতিমধ্যেই বিক্রির তালিকায় হুমায়ূন আহমেদের হিমুর আছে জল শীর্ষ স্থানে। তিনি জানালেন, ইতিমধ্যে ৪০ হাজার কপি বিক্রি হয়েছে। এ ছাড়া তাঁর নতুন উপন্যাস বাদশাহ নামদার ও বিক্রি হচ্ছে ভালো। ১৪ দিনে ১৩৭৭টি বইগতকাল পর্যন্ত দুই সপ্তাহে মেলায় নতুন বই এসেছে এক হাজার ৩৭৭টি। কবিতা সবচেয়ে বেশি ২৭৭টি, উপন্যাস ২৭৩টি, গল্প ১৮৩টি, প্রবন্ধ ১১৪টি। তবে প্রকাশনার সংখ্যা গতবারের চেয়ে কম। গতবার দুই সপ্তাহে এক হাজার ৬৪৯টি বই প্রকাশিত হয়েছিল। তবে এবার বিক্রি বেড়েছে। বাংলা একাডেমীর নিজস্ব বিক্রির পরিমাণ ছিল ৩২ লাখ ৭২ হাজার টাকা। গত বছর এ সময় বিক্রি ছিল ২৪ লাখ ৮০ হাজার টাকা। নতুন বই গতকাল মেলায় নতুন বই এসেছে ৯২টি। কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের মধ্যে বিভাস থেকে নির্মলেন্দু গুণের কবিতা বাংলার মাটি বাংলার জল। ছিল গ্লোব লাইব্রেরি থেকে হোসনে আরা শাহেদের গল্প আর গল্প। সন্দেশ থেকে হাসনাত আবদুল হাইয়ের ভ্রমণ ইস্তাম্বুলে। সিদ্দিকীয়া থেকে সোহেল মল্লিকের মিষ্টি মিষ্টি ২০টি ছড়া। পারিজাত থেকে শেখ নজরুলের কবিতা গোলাপি দরজা। অনার্য থেকে লুৎফর রহমান রিটনের একুশের ছড়া স্বাধীনতার ছড়া। ঐতিহ্য থেকে মোস্তফা সরয়ার ফারুকীর রাফকাট। দুয়েন্দে থেকে সুমন রহমানের প্রবন্ধ কানার হাটবাজার। শব্দকোষ থেকে ইসমাইল সাদীর গবেষণাগ্রন্থ সৈয়দ শামসুল হকের কবিতায় প্রেম ও নিসর্গ। পাঠক সমাবেশ থেকে এসেছে অমিয় সবনম চৌধুরীর ইংরেজি উপন্যাস উইংস। অন্যপ্রকাশ থেকে এসেছে কামাল চৌধুরীর নির্বাচিত একশ কবিতা, রফিকুল ইসলাম সম্পাদিত স্মারকগ্রন্থ বাংলার গানের পাখি ফেরদৌসী রহমান, নবীন প্রজন্মের লেখিকা কণিকা রশীদের কিশোর গল্প মেঘলার সোনালী দিন ইত্যাদি।আজ মঙ্গলবার ও কাল বুধবার বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত মেলায় শিশু প্রহর। বাচ্চাদের নিয়ে অভিভাবকেরা মেলায় আসতে পারেন ওদের পছন্দের বই কিনতে।