মাত্র আর দুটি দিন বাকি। ভাষা আন্দোলনের মাস বিদায় নিচ্ছে, পর্দা নামছে একুশে গ্রন্থমেলারও। বিদায়ের সঙ্গে থাকে বেদনার যোগসূত্র। আবার বছর ঘুরলে তবে হবে মেলা। সম্ভবত সে কারণেই শেষ দিনগুলোতে লোক সমাগম বহু বেড়েছে। বিক্রিও এখন তুঙ্গে।পুরস্কার বিতরণবাংলা একাডেমী পুরস্কার বিতরণী হয়ে গেল। গতকাল শনিবার বিকেলে মেলামঞ্চে ২০১০ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবার কবিতায় রুবী রহমান ও নাসির আহমেদ, কথাসাহিত্যে বুলবুল চৌধুরী, প্রবন্ধে খান সরওয়ার মুরশিদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রবন্ধে অজয় রায় এবং শিশুসাহিত্যে শাহজাহান কিবরিয়া পুরস্কার পেয়েছেন। একাডেমীর সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী ও মহাপরিচালক শামসুজ্জামান খান তাঁদের হাতে ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির সদস্য-সচিব শাহিদা খাতুন।বেসামাল অনুবাদবিশ্বসাহিত্যের সাড়া জাগানো বইগুলোর অনুবাদের প্রতি পাঠকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনুবাদ বিক্রিও হচ্ছে ভালো। তবে অনুবাদসাহিত্যের পাঠকেরা বেশ ধাঁধায় পড়ে যান মেলায় একই লেখকের একই বইয়ের বিভিন্ন অনুবাদ দেখে। কোনো কোনো বইয়ের পাঁচটি পর্যন্ত অনুবাদ বিকোচ্ছে মেলায় পাঁচ প্রকাশকের স্টলে। প্রকৃতপক্ষে কে অনুবাদস্বত্ব নিয়ে বইটি প্রকাশ করেছেন, অনেক সময় পাঠকের পক্ষে তা জানাই সম্ভব হচ্ছে না। আবার কোনো কোনো অনুবাদক অভিযোগ করেছেন, তিনি যে প্রকাশনা থেকে বইটি বের করেছেন, সেটি অনুকরণ করে অন্য কোনো প্রকাশক অন্য অনুবাদকের নামে প্রকাশ করেছেন। অনুবাদগ্রন্থের অন্যতম প্রকাশনা সংস্থা সন্দেশ প্রকাশনীর লুৎফর রহমান চৌধুরী জানালেন, তাঁর প্রতিষ্ঠানের অন্তত ১২টি অনূদিত বই বিভিন্ন প্রকাশনী বের করেছে। তিনি মূল লেখকের সঙ্গে চুক্তি করে আইনগতভাবে এসব বই বাংলায় অনুবাদের স্বত্ব লাভ করেছেন। পরে অনুবাদকদের সঙ্গে চুক্তি করে বই প্রকাশ করেছেন। তা সত্ত্বেও অন্য প্রকাশকেরা ওই বইগুলো প্রকাশ করছেন। এ ব্যাপারে তিনি শাহবাগ, রমনা ও সূত্রাপুর থানায় অভিযোগও করেছেন। মেলায় কপিরাইট আইন প্রয়োগের কথা বলা হয়েছে নীতিমালায়। কিন্তু এসব বিনা অনুমতির অনুবাদগ্রন্থ ঠেকানোর কোনো ব্যবস্থা নেই। এই বেসামাল অনুবাদের বই তাঁদের মতো যাঁরা মূল লেখকদের সঙ্গে চুক্তি করে প্রকাশ করছেন, তাঁদের আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠেছে। অন্যদিকে অনেক অনুবাদই নিম্নমানের। যদৃচ্ছা অনুবাদের ভিড়ে পাঠকও ভালো বইটি বেছে নিতে পারছেন না। লুৎফর রহমান চৌধুরী বললেন, ‘আমাদের দেশে ভালো অনুবাদকের সংখ্যা কম। কিন্তু অনুবাদের চাহিদা থাকায় অনেকেই নোবেল বা বুকারজয়ী লেখকদের নতুন বইগুলো যেনতেন প্রকারে অনুবাদ করে বাজারে ছাড়ছেন। আবার কেউ কেউ আমরা যাঁরা লেখকের অনুমতি নিয়ে অনুবাদ করছি, তাঁদের বই নকলও করছেন। এই প্রবণতা ঠেকানো না গেলে পাঠক ক্ষতিগ্রস্ত হবেন। অনুবাদ-সাহিত্যের মানও পড়ে যাবে।’ কিন্তু উদ্যোগটি নেবে কে, সেটিই হলো সমস্যা।নতুন বইমেলায় গ্রন্থানুরাগীদের ঢল নেমেছিল শনিবার ছুটির দিনে। এদিন নতুন বইও প্রকাশিত হয়েছে ১৩৫টি। মোড়ক উন্মোচন করা হয়েছে ৪৮টি বইয়ের। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, ক্রিকেট নিয়ে আগ্রহ-উত্তেজনা যতই থাক, বইয়ের প্রতি যে পাঠকদের গভীর অনুরাগ, তা গত শুক্রবারও দেখা গেছে; গতকালও বিপুল পাঠকের উপস্থিতিতে তার প্রমাণ মেলে। এবার তাঁর সম্পাদনায় দুটি রান্নার বই এসেছে মেলায়—মিষ্টান্নসামগ্রী নিয়ে ডেজার্ট ডিলাইট, মুরগি রান্নার বই চিকেন চয়েস ও ১০১টি মাছ রান্না। এ ছাড়া অন্যপ্রকাশ থেকে গতকাল আরও একটি রান্নার বই এসেছে—শওকত ওসমানের শাকান্ন। অন্য বইয়ের মধ্যে আছে: প্রথমা প্রকাশন থেকে নীলুফার হুদার মুক্তিযুদ্ধবিষয়ক বই কর্নেল হুদা ও আমার যুদ্ধ, মালেকা বেগমের মুক্তিযুদ্ধে নারী; শোভা থেকে অধ্যাপক হান্নানা বেগমের বাজেটের কথা ও জনপ্রত্যাশা, সিঁড়ি থেকে আলী হাবিবের গল্প গল্পচ্ছলে কল্পকথা, সময় থেকে বুলবন ওসমানের শিল্পকলাবিষয়ক প্রথম চিন্তা, পারিজাত থেকে আনজীর লিটনের ছোটদের নাটিকা, আল-আমিন থেকে টোকন ঠাকুরের কবিতা নার্স আমি ঘুমাইনি, অনিন্দ্য থেকে হাসান হাফিজের ভয়ংকর ভূতের গল্প, হাতেখড়ি থেকে আতাউর রহমানের প্রবন্ধ দেশ কাল পাত্র, ঐতিহ্য থেকে নওশাদ জামিলের কবিতা তীর্থতল ও খন্দকার ইশতিয়াক মাহমুদ অনূদিত-সংকলিত আমেরিকান সায়েন্স ফিকশন গল্প, ম্যাগনামওপাস থেকে হাসান আজিজুর রহমানের মুক্তিযুদ্ধের ছড়া ও অন্যান্য, মাতৃভাষা থেকে বোরহান উদ্দিনের উপন্যাস আঁধারী। মাসুদ খানের কবিতা আঁধারতমা আলোকরূপে তোমায় জানি, সুব্রত অগাস্টিন গোমেজের কবিতা হাওয়া হরিণের চাঁদমারি, অনন্যা থেকে আশরাফুল হকের উপন্যাস ব্যাকবেঞ্চের জিনিয়াস, অন্বেষা থেকে সুমনকুমার দাশের শাহ আবদুল করিমের জীবনী: বাংলা মায়ের ছেলে প্রভৃতি। শেষ দুই দিন মেলার দ্বার খুলবে বেলা তিনটায়। তারপর আবার এক বছরের প্রতীক্ষা।