শুরু হয়েছিল ফেব্রুয়ারির প্রথম দিন, তবে গ্রন্থমেলা প্রাণের মেলায় পরিণত হলো গতকাল শুক্রবার, চতুর্থ দিন। খুব সকাল থেকেই সরগরম হয়ে উঠেছিল একাডেমী প্রাঙ্গণ। বিকেলে টিএসসি মোড় থেকে দীর্ঘ সারি। ফুটপাতজুড়ে চুড়ি-ফিতা, হাতব্যাগ, ঘর সাজানোর কাঠের জিনিস, কাপড়-তুলোর পুতুল, সস্তার বইসহ হরেক পণ্যের পসরা। সুতোয় বাঁধা গুচ্ছ গুচ্ছ গ্যাসভরা বেলুন, বাঁশির আওয়াজ, ঢোলের শব্দ। মাথায় লাল-সবুজ বাতি, জ্বলা-নেভা শিং লাগানো খেলনা বিক্রেতার হাঁকডাক, রিকশা-মোটরযানের তীব্র জটলা—সব মিলিয়ে জমানো পরিবেশ। ছুটির দিন। আশপাশে ভ্রুক্ষেপ না করে নিজেদের নিয়ে মেতে থাকা তরুণ-তরুণীর দল। ছুটির অবসরে স্ত্রী-সন্তান নিয়ে বেরিয়ে পড়া চাকরিজীবী। বাবা অপত্যস্নেহে কোলে নিয়ে হাঁটছেন হাতে গ্যাসভরা রঙিন বেলুনের সুতো ধরে থাকা আত্মজ-আত্মজাটিকে। এ যাত্রায় জননী নির্ভার; ধীর পদক্ষেপে এগোচ্ছেন তিনি পাশে পাশে।একাডেমীর পূর্ব পাশে সোহরাওয়ার্দী উদ্যানেও ছড়িয়ে গিয়েছিল জনস্রোত। সেটাই স্বাভাবিক। বাংলা একাডেমীর এক চিমটি প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ঠাঁই হওয়া অসম্ভব। তবু ঘুরেফিরে ক্লান্ত হলে লেখকদের বসার মতো জায়গা আছে লেখক কুঞ্জে। পাঠকেরা ভাসমান। কাজেই মেলায় দু-এক চক্কর দিয়ে অনেকেই এসে বসছিলেন টিএসসি বা সোহরাওয়ার্দী উদ্যানে। আবার কেউ কেউ চলে যাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে।চিত্রাঙ্কন প্রতিযোগিতাগতকাল সকাল আটটায় মেলার দ্বার খুলে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে। তিনটি বিভাগে ৭৮৪ জন প্রতিযোগী এতে অংশ নেয়। উদ্বোধন করেন বরেণ্য শিল্পী হাশেম খান। এর পর থেকে সারা দিনই খোলা ছিল মেলা। আজ শনিবার মেলার দ্বার খুলবে বেলা ১১টায়।চটুল বইয়ে মেলা ভরে গেছেঅনন্যার স্টলে বসে নতুন বইয়ে স্বাক্ষর দিচ্ছিলেন জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। এবার মেলায় তাঁর উপন্যাসগুলোর অন্যতম হলো নূরজাহান-এর শেষ পর্ব। এ ছাড়া শিশুতোষ ভূতের গল্প ভূত কত প্রকার ও কী কী। মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট হলেও বইয়ের মান নিয়ে তুষ্ট হতে পারেননি তিনি। বললেন, ‘চটুল বইয়ে মেলা ভরে গেছে। এখন পর্যন্ত যেসব বই দেখলাম, তাতে ভালো বই চোখে পড়েছে খুব অল্পই।’ তবে মেলার মাঝামাঝি ভালো বই আসতে পারে বলে আশা প্রকাশ করলেন তিনি।জ্ঞানের আলো, মেলার অন্ধকারঅন্যপ্রকাশের স্টলের সামনে বরাবরের মতোই উপচে পড়া ভিড়। হিমুর আছে জলসহ হুমায়ূন আহমেদের চারটি নতুন বই ভিড়ের কারণ। স্টলটি একেবারে দক্ষিণ প্রান্তে। নিজ ব্যবস্থাপনায় ফ্লাডলাইট জ্বালানো হয়েছে স্টলের সামনে। তাতে আশপাশের এলাকাটি ঝলমলে হয়ে আছে। সখেদে প্রকাশক মাজহারুল ইসলাম বললেন, ‘বই পড়ে জ্ঞানের আলোয় মনের অন্ধকার ঘুচলেও বইয়ের আলোয় বইমেলার অন্ধকার যাচ্ছে না। একাডেমী সেই মান্ধাতার আমলেই পড়ে আছে। বাঁশের খুঁটির সঙ্গে একটি-দুটি করে টিউবলাইট দিয়ে রেখেছে। সেই মিটমিটে আলোয় দেখুন, কেমন আলো-আঁধারি হয়ে আছে মেলার পরিবেশ। জায়গার অভাব তো আছেই। এ নিয়ে নতুন করে বলে আর কিছু হবে না। কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা অন্তত করতে পারে একাডেমী। এত লোকের উপস্থিতিতে পর্যাপ্ত আলো না থাকলে পরিবেশটাই তো অস্বস্তিকর হয়ে ওঠে। বাধ্য হয়েই আমরা তাদের সঙ্গে কথা বলে নিজেরাই বাড়তি আলোর ব্যবস্থা করেছি।’ হুমায়ূন আহমেদের অনুরাগীদের তিনি আগাম সংবাদ দিয়ে রাখলেন, শিগগিরই এই মেলায় আসছে তাঁর বিশাল উপন্যাস সেই সময় এবং বাদশাহ নামদার। এ ছাড়া এসেছে অধ্যাপক আনিসুজ্জামান সম্পাদিত মানিক বন্দ্যোপাধ্যায়ের সেরা পাঁচটি উপন্যাস এবং তাঁর নিজের সম্পাদিত রান্নাবিষয়ক বই ১০১টি দেশি মাছ রান্না।নতুন বই ও মোড়ক উন্মোচননজরুল মঞ্চে মোড়ক উন্মোচনেও ভিড় জমেছিল গতকাল। মোট ১১টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। নতুন বই এসেছে ১৪২টি। তথ্যকেন্দ্রের দেওয়া তালিকা অনুযায়ী নতুন বইগুলোর মধ্যে ছিল: খান ব্রাদার্স থেকে আহমদ ছফার নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ। পার্ল থেকে মুহম্মদ জাফর ইকবালের শিশুতোষ গল্প ভূতের বাচ্চা কটকটি ও বিজয় প্রকাশ থেকে আনিসুল হকের রোবট। অধ্যাপক শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবিষয়ক ভালো থাকা সুস্থ থাকা এসেছে নবরাগ থেকে। মুক্তধারা থেকে নন্দলাল শর্মার প্রবন্ধ চাকমা জাতির লোক সাহিত্যচর্চা ও অন্যান্য। বিদ্যাপ্রকাশ থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ কত মূল্য লইবে ইহার। আগামী থেকে ফরহাদ মজহারের প্রবন্ধ প্রাণ ও প্রকৃতি। মাওলা ব্রাদার্স থেকে গল্পগ্রন্থ হরিশংকর জলদাসের জলদাসীর গল্প ও মশিউল আলমের পাকিস্তান। ইত্যাদি থেকে সৈয়দ শামসুল হকের কাব্য ভালোবাসার রাতে। ঐতিহ্য থেকে আলীম আজিজের উপন্যাস খুনের পরে। নান্দনিক থেকে সৈয়দ মনজুরুল ইসলামের প্রবন্ধ রবীন্দ্রনাথের জ্যামিতি ও অন্যান্য শিল্প প্রসঙ্গ। শুভ্র থেকে আহসান হাবীবের রোমান্টিক জোকস। প্রিতম থেকে ফাদার মরিনো রিগনের জীবনী ভিল্লাভেলা থেকে শেলাবুনিয়া। শিরীন থেকে আনিসুল হকের গল্প একজন রাখাল বালকের মুক্তিযুদ্ধ। শোভা থেকে গোলাম মুরশিদের প্রবন্ধ বিদ্যাসাগর ও সমর পালের দুটি গবেষণাগ্রন্থ পদবির উৎস সন্ধান এবং প্রবাদের উৎস সন্ধান, নাজমুন নাহার লাইজুর প্রবন্ধ বাংলাদেশের বেদে সম্প্রদায়। আগামী থেকে মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধবিষয়ক একাত্তরের বিজয়গাথা ও অজয় দাশগুপ্তের একাত্তরের ৭১। বিভাস থেকে মহাদেব সাহার ১০০ রাজনৈতিক কবিতা, মুহম্মদ নূরুল হুদার কাব্য শুক্লা শুকন্তলা। জনান্তিক থেকে ড. প্রভাস চন্দ্র রায়ের বাণিজ্যবিষয়ক শেয়ার ব্যবসা: টেকনিক্যাল বিশ্লেষণ ইত্যাদি। এ ছাড়া গতকাল প্রথমা প্রকাশনের স্টলে মীজানুর রহমানের ঢাকা পুরাণ বইটি ভালো বিক্রি হয়েছে। আজ শনিবার প্রথমায় আসবে সেলিনা হোসেনের শিশুতোষ বই ফুলকলি প্রধানমন্ত্রী হবে। এ ছাড়া আগের বছর প্রকাশিত বইয়ের মধ্যে গোলাম মুরশিদের মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস এবং একাত্তরের চিঠির কাটতিও বেশ ভালো ছিল।অনুষ্ঠানমেলামঞ্চে গতকাল ড. আলী আসগর ‘রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা: বিশ্ব পরিচয়’ শীর্ষক প্রবন্ধ পড়েন। সভাপতিত্ব করেন অজয় রায়, আলোচনায় অংশ নেন সুব্রত বড়ুয়া, পূরবী বসু ও অপরেশ কুমার ব্যানার্জি। সন্ধ্যায় ছিল শিল্পী পাপিয়া সারোয়ারের একক গানের আসর। আজও ছুটির দিন, কাজের বন্ধনমুক্ত নাগরিকেরা বেলা গড়ালে পা বাড়াবেন প্রাণের মেলার দিকে।