মেলায় বিদায়ের বিষণ্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা ছুটির দিনের মতোই লোক সমাগম গতকাল বৃহস্পতিবারের বইমেলা প্রাঙ্গণে। বেচাকেনা, মোড়ক উন্মোচন নিয়ে সরগরম পরিবেশ। তার ভেতরেও কোথায় যেন বাজছিল বিদায়ের বিষণ্নতা। শেষ হয়ে এল বই নিয়ে মাসব্যাপী সাংবাৎসরিক মহাযজ্ঞ। আজ ফেব্রুয়ারির শেষ শুক্রবারে সকাল থেকেই দ্বার খোলা থাকবে অমর একুশে গ্রন্থমেলার। শেষ দিকে এসে বিক্রি বেড়েছে, আজ আরও বাড়বে বলেই আশা করছেন প্রকাশকেরা।বড় শহরগুলোতে মেলা হতে পারে‘এই মেলাকে কেন্দ্র করে প্রকাশনায় বিপ্লব ঘটেছে, বলা যায়। তবে আমাদের গ্রন্থমেলার মধ্যে একধরনের গ্রামীণ মেলার আবহ রয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের লোকসংস্কৃতির ঐতিহ্য। এটাই এই মেলার প্রাণশক্তি বলে মনে হয়। এখন আমার মনে হয়, এই মেলাটিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। সবকিছুই কেবল ঢাকাকেন্দ্রিক হবে, এটা ঠিক নয়।’ গতকাল মেলামাঠে কথা প্রসঙ্গে এই মন্তব্য করলেন কবি হাসান হাফিজ। তাঁর মতে, প্রাথমিক পর্যায়ে বিভাগীয় ও বড় জেলা শহরগুলোয় সীমিত সময়ের তিন বা পাঁচ দিনের বইমেলার আয়োজন করা যেতে পারে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় যেকোনো বই প্রকাশের পরদিনই প্রত্যন্ত অঞ্চলের মেলাতেও পৌঁছে দেওয়া যাবে। হাসান হাফিজ বললেন, বাংলা একাডেমী বা জাতীয় গ্রন্থকেন্দ্র বা সংস্কৃতি মন্ত্রণালয় নিজে উদ্যোগ নিয়ে ফেব্রুয়ারিতে দেশব্যাপী গ্রন্থমেলার আয়োজন করলে প্রকাশনাশিল্পে যেমন আরও গতির সঞ্চার হবে, তেমনি তা সারা দেশেই পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। কবির কাছে জানা গেল, এবার মেলায় তাঁর কবিতা, রম্যরচনা, ছড়া মিলিয়ে পাঁচটি বই প্রকাশিত হয়েছে। গতকাল মনছবি প্রকাশনী থেকে এসেছে ছড়ার বই বটের ঝুরি চাঁদের বুড়ি।গাণিতিক দিনপঞ্জিগণিত নিয়ে এখন আর আগের মতো ভয়ে কম্পিত নয় নতুন দিনের শিক্ষার্থীরা। তারা আজকাল গণিতের অলিম্পিকে পর্যন্ত অংশ নিয়ে পদক জয় করে আনছে। সেই গণিত উঠে এসেছে দিনপঞ্জিতে। গ্রন্থমেলায় গণিত নিয়ে অভিনব এই দিনপঞ্জি নিয়ে এসেছে বিজ্ঞান-সচেতনতাবিষয়ক সংগঠন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। প্রতিটি মাসের পাতায় রয়েছে গণিতের ইতিহাস, বিখ্যাত গণিতবিদদের জীবনী, গণিতের নানা সূত্রের আবিষ্কার বিষয়ে তথ্য ইত্যাদি। তারিখের ঘরগুলোতে রয়েছে একটি করে গাণিতিক সমস্যা। সেই সমস্যাগুলোর সমাধান করলে যে ফলটি আসবে, তা হবে ওই নির্দিষ্ট তারিখের সমান। যেমন, দুই তারিখে যে সমস্যাটি আছে তার সমাধান করলে ফল পাওয়া যাবে দুই। পথের মেলায় মহাকাশ বার্তার ৪৯৯ নম্বর স্টলে গতকাল এসেছে এই অন্য রকম দিনপঞ্জি।মিষ্টির বইনতুন বইয়ের প্রকাশ আর মোড়ক উন্মোচন চলছে প্রায় সমান তালে। তথ্যকেন্দ্রের তালিকা মোতাবেক গতকাল নতুন বই এসেছে ৬৮টি আর নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়েছে ৫৩টি বইয়ের। সংখ্যাই বলে দিচ্ছে, বটতলায় রীতিমতো মোড়ক উন্মোচন-জটের সৃষ্টি হচ্ছে। এর ফলে অনেক প্রকাশক তাঁদের স্টলের সামনেই মোড়ক উন্মোচনের আয়োজন করছেন। অন্যপ্রকাশের স্টলের সামনে সন্ধ্যায় উন্মোচিত হলো রান্নার বই ডানো ডেজার্ট ডিলাইট-এর। মিষ্টান্ন প্রস্তুতপ্রণালির বইটি সম্পাদনা করেছেন মাজহারুল ইসলাম। কথাশিল্পী রাবেয়া খাতুন ও ডানোর বাজারজাতকারী প্রতিষ্ঠান আরলা ফুডসের কান্ট্রি ম্যানেজার আহমেদ কবীর বইটির মোড়ক উন্মোচন করেন। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীও এ সময় উপস্থিত ছিলেন। বইটিতে দেশের ঐতিহ্যবাহী মিষ্টান্নসামগ্রীর সঙ্গে ইউরোপীয় মিষ্টান্ন তৈরির সহজ পদ্ধতি সন্নিবেশিত হয়েছে।নতুন বইকাল আসা নতুন বইগুলোর মধ্যে রয়েছে: জ্যোৎস্না পাবলিশার্স থেকে সন্তোষ গুপ্তের প্রবন্ধ শিল্পের কথা, প্রথমা প্রকাশন থেকে নীলুফার হুদার লেখা কর্নেল হুদা ও আমার যুদ্ধ, এশিয়া থেকে রেজাউদ্দিন স্টালিনের সব জন্মে শত্রু ছিলো যে, গ্লোব থেকে হোসনে আরা শাহেদের গল্পের মেলা, ধ্রুপদ থেকে সৈয়দ আজিজুল হকের প্রবন্ধ মন ও মনন, হাবিব রহমানের প্রবন্ধ বাঙালি মুসলমানের সামাজিক ইতিহাস, শোভা থেকে মাহবুবুল হকের প্রবন্ধ বাংলা সাহিত্যের দিক বিদিক। এ ছাড়া ম্যাগনাম ওপাস থেকে সৈয়দ রফিকুল হায়দারের ভ্রমণবিষয়ক দেশের বাইরে স্বদেশ, অনিন্দ্য থেকে আনজীর লিটনের ছড়া ইঁদুর বিড়ালের টকশো, পার্ল থেকে নুরুন নাহার খানের উপন্যাস অপাংক্তেয় মাধুরী, বিশ্ব সাহিত্য ভবন থেকে ফিরোজ আলমের কবিতা স্বপ্ন নয় বাস্তব, প্রকৃতি থেকে বিনয় বর্মনের খুচরা কবিতা ১০১ ও ইংরেজি কবিতা মিউজিক অব সাইলেন্স, নন্দিতা থেকে জিনাত নাজিয়ার উপন্যাস তবুও গোধূলি বেলা ও প্রণব সাহার মিডিয়া ওয়াচ, অন্বেষা থেকে সুমন কুমার দাসের শাহ আবদুল করিমের জীবনী বাংলা মায়ের ছেলে প্রভৃতি প্রকাশিত হয়েছে।