মেলায় মিলছে বই
নগরে এখন ছোট্ট পরিসরের বইমেলার আয়োজন করা হচ্ছে প্রায় প্রতি মাসেই। এমন দুটো মেলা চলছে এখন। ঘুরে এসে সেই খবর জানিয়েছেন তানজিল রিমনভরা বর্ষায় বই কেনাছোট্ট জায়গা। তাই আলাদা স্টল নেই। লম্বা লম্বা টেবিলেই রয়েছে একাধিক প্রকাশনা সংস্থার বই। টেবিলের সামনে সাদা কাগজে লেখা প্রকাশনীর নাম। এভাবে টেবিল ভাগাভাগি করে বসেছে বর্ষার বইমেলা। এই মেলা চলছে কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে। মেলাটি এবার দ্বিতীয় বছরে পা রেখেছে। জায়গা ছোট্ট হলেও ৪০টি প্রকাশনাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে এতে।উত্তরা থেকে বর্ষার বইমেলায় এসেছেন রাজীব। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘একুশে বইমেলায় ভিড়ের কারণে দেখেশুনে কোনো বই কেনা সম্ভব হয় না। এখানে পছন্দের বইটি বাছাই করে কিনতে পারছি। এ রকম আয়োজন খুবই ভালো।’ মেলা প্রাঙ্গণে বৃষ্টি হলেও কোনো ভয় নেই। মাথার ওপর ত্রিপল দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণের একপাশে দেখা গেল কবি শামসুর রাহমান মঞ্চ। এখানে প্রতিদিনই আলোচনা অনুষ্ঠান হয়। এরই মধ্যে এই আয়োজনে অংশ নিয়েছেন হাসান আজিজুল হক, আনিসুল হক, সেলিনা হোসেনের মতো সাহিত্যিকেরা। তাঁরা পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।বইপ্রেমীরা মেলায় বই দেখার পাশাপাশি কিনছেনও। মেলার সব ধরনের বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা সবার জন্য খোলা থাকছে। এর সমাপনী দিন ১০ আগস্ট।আগস্টের বইমেলাশোকের মাস আগস্ট স্মরণে গণগ্রন্থাগার চত্বরে চলছে একটি বইমেলা। এর আয়োজক মিজান পাবলিশার্স। এ পর্যন্ত প্রকাশনীটি প্রকাশ করেছে প্রায় ৮০০ বই। এসব বইয়ের মধ্যে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ, কবিতাসহ বিভিন্ন বই রয়েছে। বিক্রি হওয়া বইগুলোতে দেওয়া হচ্ছে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এখানে বই নেড়েচেড়ে দেখছিলেন সজীব। তিনি বলেন, ‘ঘুরতে এসে দেখি মেলা চলছে। আগে জানলে প্রস্তুতি নিয়ে আসতাম। এখন বইগুলো দেখে যাচ্ছি। এ রকম আয়োজন বেশি বেশি করা হলে আমাদের জন্য ভালো।’ আগস্টের বইমেলা উপলক্ষে বইও প্রকাশ করছে মিজান পাবলিশার্স। এমনটাই জানালেন স্টলের বিক্রয়কর্মী লাভলী। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলছে মেলাটি। পুরো আগস্ট মাস চলবে এ মেলা।