মেলায় মিলছে বিলাসী পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আর বিক্রেতার হল্লায় সর্বদা ব্যস্ত থাকছে এ আয়োজন। যদিও নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য দিয়েই বেশির ভাগটা ভরা। তবে দাম শুনে চোখ কপালে ওঠে, এমন অনেক বিলাসবহুল পণ্যেরও দেখা মেলে এখানে। আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা এসব পণ্যের যথেষ্ট কদরও করছে ঢাকার ক্রেতারা। বাণিজ্য মেলা ঘুরে এমন কিছু বিলাসী পণ্যের খবর লেখা ও ছবিতে তুলে ধরেছেন কাওছার শাকিল।আভাঞ্জা নিয়ে এল টয়োটাচেহারা-সুরতে তার অন্য রকম জেল্লা। আভিজাত্যটাও ফুটে বেরোচ্ছে চারদিক থেকে। দেখতে অনেকটা মাইক্রোবাসের মতো হলেও ‘আভাঞ্জা’ নামের বিলাসবহুল গাড়িটিকে টয়োটা কর্তৃপক্ষ বলছে ‘ফ্যামিলি কার’। এবারের বাণিজ্য মেলায় টয়োটার প্যাভিলিয়নে খদ্দেরদের জন্য সবচেয়ে আকর্ষণীয় পণ্য হিসেবে স্থান পেয়েছে টয়োটার আভাঞ্জা। ১৫০০ সিসির এই গাড়িতে রয়েছে তেলসাশ্রয়ী ভিভিটিআই-প্রযুক্তির ইঞ্জিন। সাত আসনের এ গাড়ির ভেতর বিশাল জায়গা তো রয়েছেই, এর পাশাপাশি গাড়িটির উচ্চতাও অন্যান্য গাড়ির তুলনায় খানিকটা বেশি। ফলে ঢাকা শহরের রাস্তায় বেরিয়ে খানাখন্দে পড়লে বা উঁচু গতিরোধক টপকাতে গেলে গাড়ির তলায় আঘাত লাগবে না। সম্পূর্ণ নতুন এই গাড়ির দাম ২৪ লাখ ২৫ হাজার টাকা।শিশাম কাঠের দোলনাদেখতে খুবই সুন্দর আর অভিজাত, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দোলনাটার দাম জানতে চেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা হলো। শিশাম কাঠের এ দোলনার দাম চার লাখ টাকা! বাণিজ্য মেলার ১৯ নম্বর প্যাভিলিয়নের জান্নাতুল কালেকশনসে দেখা মিলবে এই দোলনাটার। জান্নাতুল কালেকশনসের মালিক শেখ আকির ভারত থেকে দোলনাটি এনেছেন ঢাকায়। তিনি জানালেন, রোজ উড বা শিশাম কাঠ বেশ দামি। আর এমন একটা দোলনা তৈরি করতে ১০ জন কারিগরের প্রায় এক বছর সময় লাগে।এই দোলনার আগাপাছতলা সূক্ষ্ম কারুকাজে ভরপুর। আরও আছে ধাতব পাতের নানা রকম নকশা। সব মিলিয়ে ভাব আর ভঙ্গিতে আভিজাত্যের চূড়ান্ত ছোঁয়া রয়েছে এটিতে। তা ছাড়া শিশাম কাঠের তৈরি বলেই শেখ আকির বেশ আত্মবিশ্বাসী হয়েই নিশ্চয়তা দিচ্ছেন, সারা জীবনেও এটিকে ঘুণে খাবে না। তাই শখ থাকলে আর পকেটে কুলালে যেকোনো এক ফাঁকে জান্নাতুল কালেকশনসে গিয়ে দেখে আসতে পারেন বেশি দামের এই শিশাম কাঠের দোলনাটা।আলীবাবার খানদানি দরজাপ্রথম দেখায় মনে হয় কোনো রাজকীয় দুর্গের সিংহদরজা বুঝি। ধাতব চৌকাঠে হঠাৎ আলো পড়লে চিক চিক করে। পাল্লা দুটোয় স্নিগ্ধ কারুকাজ। আভিজাত্যে একেবারে ষোলোআনার জায়াগায় আঠারোআনা। দামটাও অবশ্য সে রকম, একটা দরজা কিনতে লাগছে দুই লাখ ২০ হাজার টাকা। বাণিজ্য মেলায় আলীবাবা ডোরের স্টলে দেখা পাওয়া গেল সেটির। আলীবাবা ডোরের উপব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ গোলাম মোস্তফা জানালেন, দরজাটা কোরিয়ায় তৈরি। ব্রোঞ্জ দিয়ে বানানো এ দরজায় ওপর-নিচ মিলিয়ে মোট সাতটি তালা আছে। যেহেতু সম্পূর্ণটাই ব্রোঞ্জে তৈরি, তাই আগুনেও পুড়বে না, পানি লাগলেও মরিচা ধরবে না। তা ছাড়া দরজাটা এমনই পোক্ত করে বানানো যে চট করে ভেঙে ফেলাও সম্ভব নয়। সদরে এ দরজা লাগালে অন্দরের নিরাপত্তাটা তাই বেড়ে যাবে বহুগুণ। ক্রেতাদের নিশ্চিন্ত করতে দরজা কেনার পরও ২৫ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিয়ে যাবে আলীবাবা ডোর।কাশ্মীরি কার্পেটখোলা চোখে দেখলে আর দশটা সাধারণ কার্পেটের মতোই মনে হতে পারে প্রথমে। পাটকিলে জমিনের ওপর লাল, নীল, সবুজ রঙে ফুল-পাতার নকশা আঁকা। কিন্তু বারকয়েক স্পর্শ করতেই বোঝা যায়, এটা ঠিক আর দশটা কার্পেটের মতো সাধারণ কার্পেট নয়। হাত বোলাতেই টের পাওয়া যায় অদ্ভুত মসৃণতা তার জমিনজুড়ে ছড়ানো আছে। সামান্য স্পর্শেই একটা অন্য রকম আরাম ছুঁয়ে যায় মনটাকে।বরাবরের মতো এবারও বাণিজ্য মেলায় কার্পেট নিয়ে এসেছে অনেকেই। এখানে-ওখানে মিলছে নানা দামের, নানা আকারের কার্পেট। কিন্তু ২৯৭ নম্বর স্টলে বসা ‘তারিক কার্পেট’-এ একেবারে ভিন্ন রকম একটা কার্পেটের দেখা পাওয়া গেল। কাশ্মীর থেকে এ কার্পেটটা নিয়ে এসেছেন ভারতীয় দুই কার্পেট ব্যবসায়ী মোহাম্মদ মোহসীন ও তাঁর ছোট ভাই মোহাম্মদ আয়াজ। নয় ফুট দৈর্ঘ্য আর ছয় ফুট প্রস্থের এ কার্পেটটি নিয়ে দোকানি মোহাম্মদ মোহসীনের উৎসাহ সীমাহীন। তিনি এর দাম হেঁকেছেন এক লাখ ৮০ হাজার টাকা। কেন এত দাম চাইছেন, সে কথা জানতে চাইলে তিনি জানালেন, কাশ্মীর থেকে আনা এই কার্পেট মেশিনে নয়, সম্পূর্ণটাই হাতে বোনা। তাও অ্যাক্রিলিক কিংবা সিনথেটিক নয়, খাঁটি সিল্কের তৈরি কার্পেট এটা। প্রচুর পরিশ্রমের ফসল এটি, তা ছাড়া তৈরি করতে সময়ও লাগে অনেক।’ মহসীনের ভাই মোহাম্মদ আয়াজ যোগ করলেন, আজ থেকে ২০ বছর পর এই কার্পেটের দাম বেড়ে যাবে বহুগুণ। কারণ, এই জিনিস তখন খুঁজলেও আর কোথাও পাওয়া যাবে না।থ্রিডি টিভির হুলুস্থুলকিনুক আর না কিনুক, সবার যেন থ্রিডি টিভিটা একঝলক দেখা চাই-ই চাই। কেননা, এবারের বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে এই টিভি। ইলেকট্রনিকস পণ্য যারা বাণিজ্য মেলায় নিয়ে এসেছে, তাদের আঙিনায় দর্শনার্থীদের ভিড় দেখে অন্তত তা-ই মনে হবে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান থ্রিডি টিভি নিয়ে এসেছে বাণিজ্য মেলায়। এর মধ্যে ৯ নম্বর প্যাভিলিয়নে দেখা মিলল সনির থ্রিডি টিভির। ৬০ ইঞ্চি এই থ্রিডি টিভির দাম সাড়ে নয় লাখ টাকা। এ টিভির একটা দারুণ বৈশিষ্ট্য হলো, স্যাটেলাইটের সাধারণ দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক ছবিতে রূপান্তর করে দেখার প্রযুক্তি আছে এতে। ফলে শুধু থ্রিডি সিনেমার ডিভিডিতে আর আটকে থাকতে হবে না থ্রিডি টিভির দর্শকদের।তবে বাণিজ্য মেলায় থ্রিডি টিভি নিয়ে দুর্দান্ত এক আয়োজন চোখে পড়ল ৫৯ নম্বর মেগা প্যাভিলিয়নে। বাণিজ্য মেলার দর্শকদের জন্য এখানে রীতিমতো রাজসিক আয়োজন করেছে ফিলিপস। তাদের থ্রিডি টিভি দিয়ে রীতিমতো একটা থিয়েটার তৈরি করে রেখেছে। এখানে দর্শকেরা বসে বসে থ্রিডি টিভিতে সিনেমা উপভোগ করার সুযোগ পাচ্ছে। আর সে জন্যই প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভিড় করছে ফিলিপসের মেগা প্যাভিলিয়নে। ফিলিপসের এই ৫৮ ইঞ্চি থ্রিডি টিভিটির দাম সাড়ে ছয় লাখ টাকা।পিয়েরে কার্ডিনের ব্যাগবিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিনের নিজ নামে করা প্রতিষ্ঠানটি ঢাকায় আস্তানা গেড়েছে বেশ কিছুদিন হয়ে গেল। মূলত পিয়েরে কার্ডিনের ব্যাগ আর লাগেজ ঢাকায় তারাই বিক্রি করছে। এবার বাণিজ্য মেলায়ও নিয়ে এসেছে পিয়েরে কার্ডিনের নানা ধাঁচের, নানা নকশার ব্যাগ। তবে দামে, মানে আর আভিজাত্যে একটা মাত্র অফিস ব্যাগ ছাড়িয়ে গেছে তাদের বড় বড় লাগেজকেও। সম্পূর্ণ চামড়ায় তৈরি বিলাসবহুল এ ব্যাগটার দাম নয় হাজার টাকা। এর মধ্যে ল্যাপটপ রাখার জায়গা আছে। আছে আরও টুকিটাকি জিনিস আর কাগজপত্র রাখার ছোট-বড় বেশ কয়েকটা খুপরি। হাতে করে যেমন ব্রিফকেসের মতো বয়ে নেওয়া যায়, তেমনি কাঁধে করে বয়ে নেওয়ারও ব্যবস্থা আছে। ব্যাগটা যথেষ্ট টেকসই, পিয়েরে কার্ডিন কর্তৃপক্ষ আবার বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাও দিচ্ছে দুই বছর পর্যন্ত।লুঙ্গিতে আভিজাত্যদেশি পোশাকের মধ্যে লুঙ্গির চলটা দিন দিন যেন কমে আসছে। ট্রাউজার আর থ্রি কোয়ার্টার প্যান্টের যুগে লুঙ্গিটা একটু সেকেলেই মনে হয় ঢাকা শহরের তরুণদের কাছে। তবে লুঙ্গিতে যে আরাম, পৃথিবীর অন্য কোনো পোশাকে সেটা পান না অনেকেই। আর এর সঙ্গে যদি যোগ হয় ফ্যাশন আর আভিজাত্য, তাহলে তো পোয়াবারো। এমন লুঙ্গিই চোখে পড়ল বাণিজ্য মেলার দুটি স্টলে।লুঙ্গিতে আভিজাত্য খুঁজছেন যাঁরা, তাঁরা বাণিজ্য মেলায় স্ট্যান্ডার্ড লুঙ্গির স্টলে ঢুঁ মেরে আসতে পারেন অনায়াসে। কেননা, তাঁদের স্টলে মিলছে ‘শ্রেষ্ঠ লুঙ্গি’, যার দাম এক হাজার ৩৭৫ টাকা। সুতোয় তৈরি এ লুঙ্গি পরতে বেশ আরাম। তবে লুঙ্গিতে আভিজাত্য আর ফ্যাশন—দুটো যদি একসঙ্গে চান, তাহলে রাজ লুঙ্গির স্টলে আপনাকে যেতেই হবে। কেননা তাদের লুঙ্গিগুলো যেমন গুণে-মানে ভালো, তেমনি দেখতেও ভিন্ন রকম। নকশার দিক থেকে রাজ লুঙ্গি বেশ আধুনিক ও রুচিশীল। বাংলাদেশের মানচিত্র আঁকা তাদের ‘রাজতন্ত্র’ লুঙ্গিটি তারই সবচেয়ে ভালো উদাহরণ। সম্পূর্ণ সুতোয় তৈরি বলে এ লুঙ্গি পরে খুব আরাম। তা ছাড়া এর রংও টেকসই। ঘরে পরুন কিংবা বাইরে, এক হাজার ২৫০ টাকা দামের এ লুঙ্গিতে আপনার আভিজাত্য ফুটে উঠবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই।সেগুন কাঠের খাট‘এই খাট পাবেন হয় খুব শৌখিন কোনো লোকের ঘরে, আর নয় তো জাদুঘরে।’ বাণিজ্য মেলার ৩ নম্বর প্যাভিলিয়নে দাঁড়িয়ে এ কথা বলছিলেন আবদুল্লাহ উড কমপ্লেক্সের ব্যবস্থাপক সৈয়দ দেলোয়ার হোসেন। খানিকটা রসিকতার সুরে বললেও তাঁর কথাটা কিন্তু খুবই সত্যি। কেননা, যে খাট নিয়ে কথাটা বলছিলেন তিনি, সেটা আসলে জাদুঘরে রাখার মতোই। জমকালো নকশার এ খাটটিকে প্রথম দেখাতেই মনে হবে, এটা বুঝি কোনো জমিদারবাড়ির খাট, জাদুঘর থেকে ধার করে আনা হয়েছে। সাত ফুট প্রস্থ আর ছয় ফুট দৈর্ঘ্যের এ খাটটা তৈরি করা হয়েছে সেগুন কাঠ দিয়ে। চারজন কারিগরের প্রায় ছয় মাসের পরিশ্রমের ফসল এই খাট। এটির দাম দুই লাখ ৯৬ হাজার টাকা। তবে বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ে খাটটির দাম রাখা হচ্ছে এক লাখ ৯৬ হাজার টাকা।লাখ টাকার ফুলদানিধাতু কিংবা মাটির নয়, কাঠ কিংবা পোরসেলিনেরও নয়, খাঁটি মার্বেল পাথরের তৈরি দুটি ফুলদানি। ৪৪ ইঞ্চি দৈর্ঘ্যের এই ফুলদানি জোড়া এসেছে পাকিস্তান থেকে। পাওয়া যাচ্ছে পাকিস্তান প্যাভিলিয়নের জুবায়ের অ্যান্ড মার্বেলসের স্টলে। দোকানি শেখ মইনুদ্দীন ফুলদানি জোড়ার দাম হেঁকেছেন এক লাখ টাকা। আস্ত মার্বেল পাথর মেশিনে কেটে তৈরি করা হয়েছে এই ফুলদানি দুটি। ওজন এত বেশি যে একেকটা তুলতে জনা ছয়েক লোকের দরকার হবে। তাই কেনার শখ যদি মনে জাগে, তো সঙ্গে করে লোকজন নিয়ে যেতে ভুলবেন না।