মেলায় যাইরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ। অন্য বছরের মতোই বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুত হচ্ছে নগর। রমনার বটমূলে ছায়ানটের আয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা—সব মিলিয়ে পয়লা বৈশাখের ভোর থেকেই বাঙালিয়ানার উৎসবে মুখর হয়ে উঠবে শহর। তারই প্রস্তুতি এখন সব জায়গায়। বৈশাখী মেলার আয়োজকেরাও কিন্তু নড়েচড়ে বসছেন। কেননা, পয়লা বৈশাখ সামনে রেখে নগরে শুরু হবে বেশ কয়েকটি মেলা। এর কোনোটি চলবে এক দিন, আবার কোনোটি চলবে ১০ দিন। তাই পয়লা বৈশাখের পরও ঘোরা যাবে মেলায়। ঢাকা শহর ও এর আশপাশের পাঁচটি মেলা নিয়ে লিখেছেন মিল্লাত হোসেন, আজহার হোসেন ও তানজিল আহমদ। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণগ্রামের আমেজএমনিতেই চারপাশে গ্রামের আবহ। গাছগাছালি তো আছেই, আবার সেগুলোয় রাজত্ব করছে নানা রকমের পাখি। বিশাল দিঘির পরিবেশকে গ্রাম ছাড়া আর কী-ই বা বলা যায়! বলা হচ্ছে, সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরের পুরো এলাকার কথা। এখানকার প্রাঙ্গণজুড়ে পয়লা বৈশাখে শুরু হচ্ছে বৈশাখী মেলা। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর কর্তৃপক্ষই এই মেলার আয়োজক।গ্রামের মেলার পুরো আমেজ পাওয়া যাবে এখানে। বাংলার লোকশিল্প আর ঐতিহ্যবাহী সংস্কৃতি ফুটে উঠবে এখানকার মেলায়। লোকশিল্পের বিভিন্ন উপকরণের সবই থাকছে এই মেলায়। হাতে তৈরি জামদানি শাড়ি, নকশিকাঁথা, তাঁতবস্ত্র, হস্তশিল্প, পাটপণ্য, মৃৎশিল্প, কাগজ ও বাঁশ-বেতের শিল্পের পণ্য পাওয়া যাবে; থাকছে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার ও মিষ্টান্ন। আরও থাকছে পান্তা-ইলিশের আয়োজন। পুতুলনাচ, নাগরদোলাও থাকছে মেলা প্রাঙ্গণে। কারুপল্লিতে গিয়ে কারুশিল্পীদের কাজও দেখা যাবে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় থাকবে বাউল ও জারিগানের আসর।বৈশাখ উপলক্ষে জাদুঘরের দিঘিতে ৮ এপ্রিল শুরু হয়েছে মাছ ধরার উৎসব। সেখানে শৌখিন মৎস্য শিকারিরা বড়শি দিয়ে মাছ ধরতে পারছেন। তবে মাছ ধরতে হলে আগেই জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে টিকিট কিনে নিতে হচ্ছে। এই উৎসবে যাঁর বড়শিতে সবচেয়ে বড় মাছটি ধরা পড়বে, তিনি পাবেন পুরস্কার। মাছ ধরার উৎসব শেষ হবে ১৩ এপ্রিল।অন্যদিকে বৈশাখী মেলা শেষ হবে ৩ বৈশাখ (১৬ এপ্রিল)। ঢাকা থেকে লোকশিল্প জাদুঘরে সকালে রওনা হলেই ভালো। এতে মেলায় ঢোকার আগে ঢুঁ মেরে আসা যাবে পানামনগরে। সেখানে ঐতিহ্যবাহী ইমারতরাজির দেখা মিলবে। তারপর মেলা ঘুরে বিকেলের মধ্যেই ঢাকায় ফেরা যাবে।গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশে (বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক) ও যাত্রাবাড়ী থানার সামনে থেকে বাসে উঠে সহজেই যাওয়া যায় সোনারগাঁর মুগড়াপাড়ায়। বাস থেকে নেমে রিকশায় যেতে হবে সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরে। বাংলা একাডেমী প্রাঙ্গণআবহমান বাংলার আবহশাঁখের করাত এখন হারিয়ে গেছে। শঙ্খ কাটার কাজে এই করাত আগে ব্যবহূত হলেও এখন হয় না। দুই পায়ের বুড়ো আঙুলে শঙ্খ আটকে দুই হাতে শাঁখের করাত দিয়ে তা কাটা সহজ কাজ নয়। তরুণ প্রজন্ম হয়তো শাঁখের করাত দিয়ে শঙ্খ কাটার দৃশ্য দেখতে পাবে বাংলা একাডেমীর প্রাঙ্গণে। বাংলা নতুন বছরের আগমনে পয়লা বৈশাখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমী যৌথভাবে আয়োজন করছে ‘বৈশাখী মেলা-১৪১৮’।শুধু শাঁখের করাত নয়; মেলায় আরও দেখা যাবে কাঠের যন্ত্রে পাট ও কাপড়ের সুতা লাগিয়ে কীভাবে তৈরি করা হয় একেকটি শতরঞ্চি—সেই দৃশ্য। পাটকাঠি দিয়ে কীভাবে বানানো হয় পাখি, ফুল ও শো-পিস। কেনার পাশাপাশি দেখা যাবে পণ্য তৈরির প্রক্রিয়াও। মেলায় কিনতে পাওয়া যাবে গ্রাম্য বাউলের একতারা, ঢোল, রাখালছেলের বাঁশের বাঁশি, কৃষকের মাথার মাথাল, হুঁকা, কাঠের হামানদিস্তা প্রভৃতি। কাঠ কিংবা বাঁশ দিয়ে যে কী সুন্দর প্রয়োজনীয় জিনিস তৈরি হতে পারে, তা উঠে আসবে এই মেলায়।গ্রাম্য নারীর সেলাই করা নকশিকাঁথাও পাওয়া যাবে। ঘর সাজানোর শো-পিস ছাড়াও নারীর সাজগোজের পণ্য থাকবে। হাতের কাজ করা শাড়ি, বিছানার চাদর, জানালার পর্দা, পাটের তৈরি ব্যাগ স্থান পাবে হস্তশিল্পের স্টলে। মেলায় থাকছে নিমকি, মনাক্কা ও লাড্ডুর স্টল। ইচ্ছা হলে দেখা যাবে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুতুলনাচ। এ ছাড়া মজা পাওয়া যাবে নাগরদোলায় চড়ে। মেলার মাঠে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও। বিভিন্ন জেলার লোকশিল্পীরা গান গেয়ে, অভিনয় করে মাতিয়ে তুলবেন সেই আসর।গত বছর এখানে বৈশাখী মেলা সফলভাবে হয়েছে বলে জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রধান নকশাবিদ এস এম শামসুদ্দীন। তিনি আরও জানান, ১৯৭৮ সালে বিসিকের তৎকালীন প্রধান নকশাবিদ শিল্পী কামরুল হাসানের হাত ধরে নগরে প্রথম বৈশাখী মেলার সূচনা হয়। প্রথম আয়োজনটাও হয়েছিল বাংলা একাডেমীর প্রাঙ্গণে। এরপর ভিন্ন ভিন্ন সময়ে নগরের বিভিন্ন মাঠে বৈশাখী মেলা বসে, যার জন্য এই মেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল নগরবাসী ও কারুশিল্পীরা। গত বছর থেকে আবার বাংলা একাডেমীর মাঠে বসছে বৈশাখী মেলা। এবার গতবারের চেয়েও মেলা বেশি জমজমাট হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।এ বছর মেলায় মোট ১৬০টি স্টল থাকছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসবেন কারুশিল্পীরা। তাঁরা হাতে তৈরি পণ্য স্টলে প্রদর্শন করবেন। কেউ কেউ বিক্রির পাশাপাশি পণ্য তৈরির কৌশলটাও দেখাবেন। এটাই বিসিকের মেলার বিশেষত্ব। আবহমান বাংলার আবহ থাকছে পুরো মেলায়।বাঙালিয়ানার এই মেলা বৈশাখের প্রথম দিন সকালে শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলার ফটক। মেলার সমাপনী দিন ১০ বৈশাখ (২৩ এপ্রিল)। ধূপখোলা ময়দানএক দিনের আয়োজনগেন্ডারিয়ার ধূপখোলা মাঠে সারা বছরই কোনো না কোনো উৎসবের ধুম লেগে থাকে। বাংলা নববর্ষে এখানকার বৈশাখী মেলা তার একটি। প্রায় দেড় শ বছর ধরে চলা এই মেলার রয়েছে বিশাল ঐতিহ্য। গেন্ডারিয়ার বর্ষীয়সী বাসিন্দা আফজাল হোসেন জানান, একসময় গেন্ডারিয়ার মেলা ঘিরে ধোলাইখালে নৌকাবাইচের আয়োজন করা হতো। আবার এলাকার ছেলেরা রাতের বেলায় নাটকের আয়োজনও করত।পয়লা বৈশাখ শুরু হওয়া মেলায় দেখা মিলবে নাগরদোলা, চরকি, পুতুলনাচ আর জাদুকরের স্টলের। লোকজ নানা ধরনের গৃহস্থালিপণ্য মিলবে মেলায়। বৈশাখী এই আয়োজনে বাদ যাবে না দেশি খাবারও। মন্ডা-মিঠাই, ভাজাপোড়া, নানা স্বাদের আচার নিয়ে মেলায় আসবেন নানা অঞ্চলের দোকানিরা। ধূপখোলা ময়দানের মেলা শুধু পয়লা বৈশাখের দিনই হবে। গৈদারটেক বটতলাশতবর্ষী মঙ্গলচণ্ডী মেলাএকসময়ের হিন্দু ধর্মাবলম্বী-অধ্যুষিত এলাকা মোহাম্মদপুরের পাশের মনসুরাবাদ ও গৈদারটেক। তখন এলাকার বেশির ভাগ জায়গায় ছিল খাল ও জলাশয়। বর্ষায় থই থই পানিতে দ্বীপের মতো মনে হতো একেকটি বাড়ি। পূজা-পার্বণ লেগেই থাকত বাড়িতে বাড়িতে। পাকিস্তান আমল থেকে এখানে মুসলমান বসতি বাড়তে থাকে, আস্তে আস্তে ভরাট হতে থাকে জলাভূমি। আর হিন্দুরা সরে যেতে থাকে এই এলাকা থেকে। এখন এই এলাকায় আদি হিন্দু পরিবার নেই বললেই চলে।এলাকা থেকে আদি হিন্দুরা পাততাড়ি গুটিয়ে চলে গেলেও তাদের অনেকে এখনো বছরে একটা দিন এখানে জড়ো হয়। বৈশাখ মাসের প্রথম দিন গৈদারটেক বটতলায় পূজা দিতে দেখা যায় তাদের। ওই দিন বটতলার আশপাশে বালুর মাঠ ও রাস্তায় বসে যায় মেলা। এটি পরিণত হয় সর্বজনীন এক লোকজ উৎসবে। স্থানীয় ব্যক্তিদের কাছে এটি ‘মঙ্গলচণ্ডী মেলা’ নামে পরিচিত। মঙ্গলচণ্ডীর পূজা ঘিরেই এই মেলার গোড়াপত্তন। কারও মতে মেলার বয়স ৫০০ বছর, কারও মতে ৩০০; কেউবা মনে করেন মেলাটির বয়স ১০০ বছর। মঙ্গলচণ্ডী মেলা যে শত বছর পার করেছে, এ বিষয়ে সবাই একমত।পয়লা বৈশাখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মঙ্গলচণ্ডী মেলা। পয়লা বৈশাখ শতবর্ষী এই মেলা ঘুরে একটু অন্য রকম অভিজ্ঞতা নিতে পারেন ঐতিহ্যপ্রেমীরা। গৈদারটেক বটতলায় যাওয়ার দুটি রাস্তা আছে: মোহাম্মদপুর মনসুরাবাদ এলাকা হয়ে গেলে নৌকায় জলাশয় পার হতে হবে। আবার গাবতলী বিদ্যুৎ স্টেশনের পাশ দিয়ে গৈদারটেক যাওয়া যায় হেঁটে। মঙ্গলচণ্ডী মেলায় দিনে গিয়ে দিনে ফিরে এলেই ভালো হবে। কারণ, শহরের বুকে হলেও গৈদারটেকের যোগাযোগব্যবস্থা ভালো নয়। বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণচৈত্রে শুরু বৈশাখে শেষরাজারবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরটি শত বছরের পুরোনো। এই মন্দিরের প্রাঙ্গণে প্রতিবছরই বসে বৈশাখী মেলার আসর। এই মেলায় থাকে নাগরদোলা, পুতুলনাচ, চরকি ও ছোটখাটো সার্কাসের আয়োজন। এবারও মেলায় থাকছে এসব। কোনো স্টল বরাদ্দের ব্যবস্থা নেই বলে গ্রামীণ আবহ থাকবে এই মেলায়। দোকানিরা মেঝেতে পণ্য সাজিয়ে বসবেন। লোকজ খাবার, বাচ্চাদের খেলনা আর ঘর সাজানোর সামগ্রীর খোঁজ মিলবে মেলায়।মন্দিরে যেতে হলে আসতে হবে খিলগাঁওয়ের অতীশ দীপঙ্কর মহাসড়কে। সেখানকার বৌদ্ধমন্দিরের পাশ দিয়ে নেমে গেছে কদমতলা-রাজারবাগ সড়ক। সড়ক ধরে সোজা চলে গেলে মিলবে বরদেশ্বরী কালীমাতা মন্দিরের সন্ধান। মন্দির কমিটির সদস্য চিত্তরঞ্জন দাস জানান, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তির দিন বিকেলে শুরু হবে মেলা। এটি শেষ হবে ১৬ এপ্রিল।