মেলেনি স্বপ্নের ডানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তাঁর বহ্নিশিখা (ছদ্মনাম)। স্কুলের বন্ধুরা শিখা নামেই ডাকত। স্কুল থেকে ফেরার পথে প্রতিদিন এক যুবক বাইসাইকেলে করে শিখার পিছু পিছু আসত। নানাভাবে বিরক্ত করত। অন্যদিকে পাশের বাড়ির এক বড় ভাই শিখাকে নিয়ে আজেবাজে কথা লিখে রাখত পাড়ার দেয়ালে দেয়ালে। তখন প্রতিবাদ করতে পারেননি তিনি। সারা জীবনই শিখাকে বন্দী জীবনযাপন করতে হয়েছে। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্ত পরিবেশেও মুক্ত ছিলেন না তিনি। সব সময় মা-বাবার নজরদারি। তাঁর মতামত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। একটা সময়ে শুধু শুনতে হতো, মেয়েমানুষ আর কত পড়বে। বিয়ে করো। শিখার দুই চোখে স্বপ্ন পিএইচডি করতে দেশের বাইরে যাবেন। বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। কিন্তু তা আর হলো না। বাধ্য হয়ে বিয়ে করতে হলো শিখাকে। কারণ, ভালো মেয়েরা মা-বাবার কথার অবাধ্য হন না এবং মা-বাবাকে চিন্তামুক্ত রাখতে চান। প্রতিনিয়ত এমন অনেক শিক্ষা তাঁকে দেওয়া হয়েছে। এই সমাজে এমন অসংখ্য শিখা আছেন, যাঁরা চাইলেও গতানুগতিকতার বাইরে যেতে পারেন না। সমাজ-পরিবার তাঁদের শেখায় না এসব। এই সমাজে একজন নারী চাইলেই যা ইচ্ছা তাই পরতে পারেন না। পুরুষতান্ত্রিক এই সমাজ শিখাকে চাকরি করার স্বাধীনতা দিলেও চাকরির প্রয়োজনে মাঠপর্যায়ে কাজ করতে যাওয়াটা ঠিক মেনে নিতে পারে না। মা প্রায়ই শিখাকে বলেন, ‘অন্য চাকরি দেখ।’ এখন বড্ড ক্লান্ত বোধ করেন শিখা। ভাবেন, অন্যের তৈরি করা নিয়মের মধ্যেই কেটে গেল জীবনটা। স্মৃতি হাতড়ে খোঁজার চেষ্টা করেন জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। খুঁজে পান না। হতাশা ভর করে। কঠিন বাস্তবতা ও পরিবারের নিষেধাজ্ঞার বেড়াজালে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। ডানা মেলার সুযোগ মেলেনি।তানিয়া তন্বী মানবাধিকারকর্মী