মেশিন রিডেবল পাসপোর্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেছেন, এই পাসপোর্ট ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সম্প্র্রসারণের মাধ্যমে দেশের উন্নতির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।আজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এমআরপি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মেশিন রিডেবল পাসপোর্ট তুলে দেন। খবর বাসস।প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান-বিজ্ঞানে উন্নতি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে বিশ্বের বিভিন্ন দেশে পারস্পরিক যোগাযোগ বেড়েছে। ফলে বিশ্ব পরিণত হয়েছে গ্লে¬াবাল ভিলেজে। পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৭৫ লাখ বাংলাদেশি নাগরিক চাকরি, লেখাপড়া ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত। তিনি বলেন, ‘প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। কিন্তু সনাতন পদ্ধতির পাসপোর্টের কারণে অনেক সময়ই তাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়।’ এমআরপি চালুর ফলে এই হয়রানি বন্ধ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দায়িত্ব নেওয়ার পর পরই সনাতনী পদ্ধতির পাসপোর্ট ও ভিসার পরিবর্তে আন্তর্জাতিক মানের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা প্রবর্তনের উদ্যোগ নেয়। এমআপি এবং ভিসা চালুর মাধ্যমে দেশে পাসপোর্ট ও ভিসা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হয়েছে বলে মতপ্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা এখন উন্নত দেশের পাসপোর্ট ও ভিসার সমমানের।অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এমআইপির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে পাসপার্ট জালিয়াতি এবং এই পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে যে হয়রানির শিকার হতে হতো, তা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মালয়েশিয়ান কোম্পানি আইআরআইএস এই পাসপোর্ট তৈরি করে। এই পাসপোর্টে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৩৮টি নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এই পাসপোর্ট জাল করে তৈরি করা সম্ভব হবে না।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ, আইআরএসের চেয়ারম্যান তান শ্রী রাজালি ইসমাইল এবং ইমিগ্রেশন ও পাসপোর্টের মহাপরিচালক মো. আবদুল মাবুদ।আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৪ জন বিশিষ্ট ব্যক্তির হাতে এই পাসপোর্ট তুলে দেন। তাঁরা হলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সেনাবাহিনী প্রধান জেনারেল আবদুল মুবীন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম হেলাল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ প্রমুখ।