মেস নিবাসী নিপুর বিড়ম্বনা
বেলা সাড়ে তিনটা পর্যন্ত দুপুরের খাবারের অপেক্ষা করছে নগরের শংকর মঠ এলাকার সজীব ভিলার মেসে থাকা অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করা পটুয়াখালীর বাউফল উপজেলার ফারজানা নিপু। মেসের অন্য সবাই রান্না করে খেলেও নিপু রান্না করতে পারেন না। একজন বুয়া তাঁর বাসা থেকে খাবার এনে দেন তাঁকে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত খাবার না আনায় জানালার পাশে বসে অপেক্ষা তাঁর। নিপু বলেন, ‘নিজে রান্না করতে পারি না, তাই একজন বুয়া ঠিক করেছি, সে সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার বিকেলে এবং রাতের খাবার ১০টা বা ১১টায় দিয়ে যায়। আবার মাঝেমধ্যে হয়তো খাবার দেয়ই না। তখন খাবার না খেয়েই থাকতে হয়। অনেক সময় মেসের অন্য বড় বোনেরা খাবারের একটা অংশ দেয়। অনেক কষ্ট লাগে এ সময়।’মেসমালিক মাহমুদা বেগমের ভিন্ন অভিজ্ঞতা: শীতলাখোলা এলাকার মাহমুদা বেগম দীর্ঘ ২০ বছর ধরে মেস চালিয়ে আসছেন। তিনি বলেন, ‘পানির সমস্যা থাকায় ফ্যামিলি উঠিয়ে দিয়েছি। ফ্যামিলি বাসার চেয়ে মেস ভাড়া দেওয়ায় একদিকে পয়সা বেশি পাওয়া যায়, অন্যদিকে ফ্যামিলি ভাড়াটিয়াদের মতো কোনো অভিযোগও শুনতে হয় না। বাড়িতে একঝাঁক তরুণ ছাত্রের আনাগোনায় মুখরিত থাকে। আমি আমার সন্তানদের মতো ওদের শাসন করি এবং সবাই আমাকে ভয় করে। ৩৬টি ছেলে বর্তমানে আছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমার এখানে হিন্দু ছাত্রই বেশি। ওদের জন্য আমি আলাদা ব্যবস্থাও করে থাকি। শবেবরাতে সবার জন্য হালুয়া-রুটির আয়োজন ছিল। পুরো রোজায় ওদের জন্য ইফতারির ব্যবস্থা থাকবে। এ ছাড়া প্রতি কোরবানিতে ওদের জন্য এরটি বড় ছাগল বরাদ্দ রাখি।’