মেসবাড়ি ও আত্মীয়-স্বজন শেষ ভরসা
এক নজরে সিটি করপোরেশন এলাকায় কলেজ: ১৩টি মাধ্যমিক বিদ্যালয়: ৩৬টি প্রাথমিক বিদ্যালয়: ৪৫টি মেডিকেল কলেজ: একটি পলিটেকনিক ইনস্টিটিউট: একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: একটি টেক্সটাইল ইনস্টিটিউট: একটি কমার্শিয়াল ও ভকেশনাল কলেজ: একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী: ৫০ হাজারের ওপরে।বিভাগীয় শহর বরিশালে ব্রজমোহন কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ উচ্চশিক্ষার জন্য ১৭টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধ লাখ। এই বিশালসংখ্যক শিক্ষার্থীর মধ্যে প্রায় ২০ হাজারই ব্রজমোহন কলেজে পড়াশোনা করেন।শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে অর্ধেক নগরের বাইরের বিভিন্ন জেলা ও উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে পড়াশোনার জন্য এই নগরে আসে। ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সরকারি বরিশাল কলেজ, কমার্শিয়াল কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে কোনো ছাত্রাবাস নেই। বাকি সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের অবস্থা কিছুটা ভালো। সেখানেও দেড় থেকে ২০০ ছাত্রীর আবাসনসংকট রয়েছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান মিলে ১৪টি ছাত্রাবাসে আবাসনব্যবস্থা রয়েছে মাত্র তিন হাজার ২২৫ জনের। বাকি প্রায় ২০ হাজার শিক্ষার্থীর আবাসনসংকটের সমাধান হয় মূলত নগরের বিভিন্ন মেসবাড়ি ও আত্মীয়স্বজনের বাসায়।বরিশাল শহরের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের ওপর নির্ভর করে নগরে গড়ে উঠেছে কয়েক শ মেসবাড়ি। এসব মেসের অধিকাংশেরই পারিপার্শ্বিক অবস্থা ভালো নয়—রয়েছে পানি, বিদ্যুৎ ও খাবারসহ নানা সমস্যা। মেসের মালিকেরা মাসোহারা নিলেও সুযোগসুবিধা তেমন দিচ্ছেন না। গড়ে প্রতি ৪০ জনের জন্য একটি বাথরুম। লাইন ধরে বাথরুমে গোসল করতে হয়। সকালে গোসল করতে না পারলে অনেক সময় পানির অভাবে আর হয়তো গোসল করাই হয় না অনেক শিক্ষার্থীর।ব্রজমোহন কলেজ: ১৮৮৯ সালে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত তাঁর বাবা ব্রজমোহন দত্তের নামে প্রতিষ্ঠা করেন এই কলেজ। ৫৮ একর জমির ওপর নির্মিত ব্রজমোহন কলেজ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮টি বিষয়ে অনার্স (সম্মান) এবং ১৯টি বিষয়ে স্নাতকোত্তর চালু আছে। ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ মো. আনছারউদ্দিন বলেন, ‘বর্তমানে এ কলেজে প্রায় ২০ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের ৫০ ভাগই বরিশাল নগরের বাইরের। কলেজের সাটি ছাত্রাবাসে মাত্র দুই হাজার শিক্ষার্থীর আবাসনব্যবস্থা রয়েছে। বাকি শিক্ষার্থীদের ভরসা মেসবাড়ি, ভাড়া বাড়ি ও আত্মীয়স্বজনের বাসা। একটি সিটের ভাড়া নেওয়া হয় ৬০০ থেকে ৮০০ টাকা।সরকারি মহিলা কলেজ: ১৯৫৭ সালে নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে নগেরর প্রাণকেন্দ্রে গড়ে তোলা হয় এ কলেজ। ১৯৭৮ সালে সরকারি কলেজে রূপান্তরিত হয়। বর্তমানে এ কলেজে আটটি বিষয়ে অনার্স, দুটি বিষয় স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ২৭২ জন। এর মধ্যে মাত্র ৩০০ ছাত্রীর আবাসনব্যবস্থা রয়েছে। সেখানে ৭০০ ছাত্রী গাদাগাদি করে বাস করছেন। বাকিরা নগরের বিভিন্ন মেস বা বাড়ি ভাড়া করে কোনো মতে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছেন।সরকারি বরিশাল কলেজ: অশ্বিনী কুমার দত্তের বাসভবনে ১৯৬৬ সালে যাত্রা শুরু করে সরকারি বরিশাল কলেজের। ১৯৮৬ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। এই কলেজে বর্তমানে তিন হাজার ছাত্রছাত্রী আছে। ছয়টি বিষয়ে অনার্স, তিনটি বিষয়ে স্নাতকোত্তরসহ স্নাতক (ডিগ্রি) ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০টি বিষয় চালু আছে। এ কলেজ প্রতিষ্ঠার পর নগরের নাজির মহল্লায় ৫০ জন ছাত্রের আবাসনব্যবস্থা করা হয়। পরে ওই ছাত্রাবাসটি দখল করে সেখানে একটি কিন্ডারগার্টেন স্কুল করায় বর্তমানে এ কলেজের আর কোনো ছাত্রাবাস নেই।কলেজের লাইব্রেরিয়ান আবদুর রব মিয়া জানান, ১৯৮৭ সাল পর্যন্ত একটি ছাত্রাবাস থাকলেও সেটি জেলা প্রশাসক বাতিল করে অমৃত লাল দে কিন্ডারগার্টেনের নামে বরাদ্দ দিয়েছেন। ফলে এ কলেজের ছাত্রদের আবাসনসংকট প্রকট আকার ধারণ করে। ওই ছাত্রাবাসটি থাকলে সেখানে বহুতল ভবন নির্মাণ করে আবাসনসংকট কিছুটা হলেও সমাধান করা যেত। জায়গার সংকটের কারণে কয়েকবার ছাত্রাবাস নির্মাণের অর্থ ফেরত দিতে হয়েছে।সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ: ১৯৬৬ সালে বরিশাল নগরের পশ্চিম পাশে প্রতিষ্ঠিত হয় সৈয়দ হাতেম আলী কলেজ। ১৯৮৬ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। আটটি বিষয়ে অনার্স কোর্সসহ বর্তমানে কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। আর ছাত্রাবাস আছে মাত্র ১০০ শয্যার একটি। কলেজের উপাধ্যক্ষ মো. অলিউল ইসলাম জানান, অর্ধেক শিক্ষার্থী বরিশালের বিভিন্ন জেলা উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের। যাদের আবাসন বলতে মেসবাড়িই আশ্রয়স্থল। খুব শিগগিরই কোনো ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনাও নেই বলে।সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট: প্রায় তিন হাজার শিক্ষার্থীর বেশির ভাগই বরিশালের বাইরের। কলেজের দুটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস রয়েছে। আসনসংখ্যা ৪২৫। অমৃত লাল দে মহাবিদ্যালয়ধ নগরের প্রাণকেন্দ্র হাসপাতাল রোডে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় অমৃত লাল দে মহাবিদ্যালয়। বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। বরিশাল শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠানটি একটানা মেধা তালিকায় সেরা কলেজ হিসেবে স্বীকৃত। জেলার বাইরের এসব শিক্ষার্থীদের থাকার কোনো ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ করতে পারেনি। তাঁদের ভরসা রামকৃষ্ণ মিশন, বিআই হোস্টেল, শংকর মঠ, মুকুন্দ দাসের কালীবাড়ি এবং বাকিরা বিভিন্ন মেসে থেকেই পড়াশোনা করে।