মেসমালিকরা সমস্যা নিয়ে যা বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুযোগ থাকলে তার সদ্ব্যবহার হবেই, চাহিদার কারণেই আমরা ব্যবসা করতে পারছি। ছাত্র-ছাত্রীরা আমাদের কাছে দেবতার মতো। তাঁরা না থাকলে আমাদের ব্যবসা হতো না। তাই সমর্থন অনুযায়ী তাঁদের সুবিধা দেওয়ার চেষ্টা করি’—এভাবেই বলছিলেন শালগাড়িয়ার শামসুল ছাত্রাবাসের মালিক। মেসের নানা সমস্যা বিষয়ে অধিকাংশ মালিকের বক্তব্য এমনই ছিল। তাঁদের দাবি, ছাত্র-ছাত্রীদের সামর্থ্য অনুযায়ী মেসগুলোতে সুযোগ-সুবিধা রয়েছে। এর চেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হলে ভাড়া বেড়ে যাবে। তখন ছাত্র-ছাত্রীদের বেশি ভাড়া দিয়ে মেসে থাকতে সমস্যা হবে। বিনোদন ও অন্যান্য সুযোগ-সুবিধা বিষয়ে মেসমালিকরা বলেন, মেসে ছাত্র-ছাত্রীদের বিনোদনের ব্যবস্থা করা হলে তা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক মেসে টেলিভিশন দেখা নিয়ে বড় ধরনের মারপিটের ঘটনাও ঘটেছে। তাই মেসগুলোতে বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে না। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও বখাটেদের অত্যাচার বিষয়ে মেসমালিকরা বলেন, এমন ঘটনা ঘটলে তা রুখতে মালিকদেরই ব্যবস্থা নিতে হয়। তবে অনেক সময় ছাত্র-ছাত্রীরা মেসমালিকদের এসব বিষয়ে জানাতে চান না। তাই কিছু করাও সম্ভব হয় না। আবার অনেক মেসমালিক নিজেই বখাটেদের ভয়ে ভিত থাকেন সে ক্ষেত্রেও কিছুটা সমস্যা হয়। রাধানগর গোল্ডেন সুপার মেসের মালিক ফারুক হোসেন বলেন, ‘ছাত্র-ছাত্রীদের চাহিদা অনুযায়ী একেকটি মেস একেক ধরনের। অল্প টাকা ভাড়ার মেসে অল্প সুবিধা, বেশি টাকা ভাড়ায় বেশি সুবিধা পাওয়া যায়।’রাধানগর মহল্লার মহিদুল মেসের মালিক মুকুট চৌধুরী বলেন, ‘পাবনার মেসগুলোতে যেসব ছাত্র-ছাত্রী থাকেন তাঁদের অধিকাংশই গ্রামের কৃষক পরিবারের সন্তান। বেশি সুযোগ-সুবিধাসহ বেশি ভাড়া দিয়ে তাদের মেসে থাকা সম্ভব নয় । এতে তাঁদের চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করেই এ এলাকার মেসগুলো তৈরি হয়েছে। অনেকের কাছে মেসের পরিবেশ ভালো না লাগলেও বেশির ভাগই এ পরিবেশেই সন্তুষ্ট।’