মেসমালিকেরা কী বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জহুরুলনগর এলাকার মেসমালিক মোখলেছার রহমানের স্ত্রী বলেন, ‘টাকা বেশি পাওয়ার জন্য পরিবারের কাছে ভাড়া না দিয়ে বাড়িতে মেস করেছি। এমনিতে বাসা হিসেবে ভাড়া দিলে এ বাড়ির ভাড়া ছয় হাজার টাকা পাওয়া যেত। সেখানে মেস করায় ৩৭ জন ছাত্রীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা পাচ্ছি। এখন বলেন, মেস ভাড়া দেব কি না।’সেউজগাড়ী এলাকার মেসমালিক আবিদুর রহমান বলেন, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই এসব মেস নির্মাণ করা হয়েছে। তাঁদের সুযোগ-সুবিধা কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যই অনেক সময় বিধিনিষেধ আরোপ করা হয়। বিনোদন-ব্যবস্থাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এ বিষয়ে ছাত্রছাত্রীদের নিরুৎসাহিত করা হয়। তবে সব মেসে যে বিনোদনের ব্যবস্থা নেই, তা নয়। পুরান বগুড়ার মেসমালিক শাহাদত্ হোসেন বলেন, ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই মেস তৈরি করা হয়েছে। যাঁরা বেশি টাকা দিচ্ছেন, তাঁরাই ভালো মেসে থাকতে পারছেন। আর মেসে খাবারের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে ছাত্রছাত্রীদের ওপর। কারণ, খাবারের ব্যবস্থা তাঁরাই করেন। পুরান বগুড়ার এনামুর ভিলা নামের মেসমালিক শয়ন মিয়া জানান, তাঁর বাড়ি গাইবান্ধায় হলেও তিনি এখানে জমি কিনে মেস করে দিয়েছেন। তিনি বলেন, ‘বাসাবাড়ির চেয়ে এখানে লাভ বেশি। তাই মেস করেছি। ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে বিনোদনের জন্য টিভি কিনে দিয়েছি।’ কয়েকজন মেসমালিক জানান, চাঁদাবাজদের উৎপাত আগের চেয়ে বেড়েছে। আর বখাটেদের নানাভাবে শায়েস্তা করে তাঁরা মেসের মেয়েদের নিরাপদ রাখতে চেষ্টা করেন।মেস-ব্যবসার কারণে জমির দাম ঢাকার চেয়েও বেশি: ‘এখন যেসব জমির দাম তিন লাখ টাকা শতক, পাঁচ বছর আগেও সেসব জমি বিক্রি হয়েছে শতক প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা।’ এভাবেই অভিব্যক্তি প্রকাশ করলেন বগুড়া শহরতলির বেলাইল গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাক। তিনি বলেন, এখানে সরকারি আযীযুল হক কলেজ হওয়ায় আশপাশের এলাকার জমির দাম বেড়ে গেছে। কলেজসংলগ্ন এসব এলাকায় মেসের রমরমা ব্যবসা চলছে। আযীযুল হক কলেজে পড়াশোনা করছেন ৩২ হাজার শিক্ষার্থী। তাঁদের অধিকাংশই কলেজের আশপাশে জহুরুলনগর, সবুজবাগ, সেউজগাড়ী, পালশা, নিশিন্দারা, পুরান বগুড়া, ফুলবাড়ী, আটাপাড়া, বৃন্দাবনপাড়া এলাকায় মেস করে থাকেন। ফলে এসব এলাকার জমির দাম এখন আকাশ ছুঁই ছুঁই।পুরান বগুড়ার ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, পাঁচ বছরের মধ্যে এ এলাকার জমির দাম এতটা বাড়বে, তা তিনি চিন্তাই করেননি।