মেসি একাই তিনজন!
এই লেখা যখন লিখছি, পরদিন মাদ্রিদে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ইউরোপীয় ক্লাব ফুটবলের এমনই ভক্ত আমি, কেউ যদি ওই ফাইনাল আর বিমানের টিকিট হাতে ধরিয়ে বলত, ‘যাও দেখে আসো’, হাজারো কাজ ফেলে ছুটে যেতাম। কেউ আটকাতে পারত না আমাকে। কথাটা এজন্য বললাম, ইউরোপের ক্লাব ফুটবল আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখে। আমি ফুটবল খেলা দেখি একজন ফুটবলারের চোখ দিয়ে, যেহেতু আমি নিজে ফুটবলার ছিলাম।বিশ্বকাপ চলে এল। এবারের বিশ্বকাপ নিয়ে আমার ভাবনা পরিষ্কার—দেখতে চাই নতুন খেলোয়াড় বেরোল কি না। ডেভিড ভিয়া কী করলেন, ফার্নান্দো তোরেসের পারফরম্যান্স কেমন হয়, সেটা দেখতেই বেশি উন্মুখ আমি। মেসি কি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারবেন? এটা নিয়েও কৌতূহল আছে। ব্রাজিল অথবা স্পেন: এই বিশ্বকাপে ব্রাজিল আর স্পেনের সম্ভাবনাই বেশি দেখছি। ব্রাজিলের এই দলে তারকার ছড়াছড়ি নেই, তবে দেশটা এমন যে ওখানে ফুটবলার তৈরির কারখানা আছে। কাকাসহ দলের অন্যদের পারফরম্যান্স এবং টেম্পারামেন্ট বেশ ভালো। দলটা ভারসাম্যপূর্ণ। মাঝমাঠ ও আক্রমণভাগ অনেক শক্তিশালী। তুলনায় রক্ষণ দুর্বল। ব্রাজিল ফুটবলের যে মান, তাতে ওই দুর্বলতা ঢেকে যাবে। চার মাস আগে দোহায় ব্রাজিল-ইংল্যান্ড প্রদর্শনী ম্যাচ মাঠে বসে দেখেছি। দুই জাতীয় দলের মানটা খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ করেছি তখন। খেলার ধরন আর স্কিলে ব্রাজিলের সামনে ইংল্যান্ডকে কিছুই মনে হয়নি আমার। ব্রাজিলের মাঝমাঠ আর আক্রমণভাগ বেশ নিয়ন্ত্রিত দেখেছিলাম সেদিন। বিশ্বমানের সব খেলোয়াড় আছেন দলটিতে। অনেকে হয়তো আলোচনায় আসেননি এখনো, তবে বিশ্বকাপের মঞ্চে তাঁদের যে কেউ তারকা হয়ে যেতে পারেন। রোনালদিনহোকে অনেকেই তেমন চিনত না, গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গোল করার পর সবার মুখে তাঁর নাম। এই মানের খেলোয়াড় ব্রাজিলের অনেক আছে। এটাই এবারও ব্রাজিলকে এগিয়ে রাখছে।স্পেন দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে ভালো ফুটবল খেলে। তোরেস-ভিয়াসহ অনেকেই এখন বিশ্বমানের ফুটবলার। বার্সেলোনার বেশির ভাগ খেলোয়াড়ই তো স্থানীয়। রিয়াল মাদ্রিদেরও তা-ই। স্পেনের আক্রমণ-রক্ষণ সব দিকই শক্তিশালী। ক্যাসিয়াসের মতো গোলরক্ষক আছেন। প্রশ্ন হচ্ছে, অধরা বিশ্বকাপ জিততে পারবে স্পেন? পারা উচিত। ওদের সব খেলোয়াড় ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে যুক্ত। তবে সমস্যা হলো, কঠিন একটা মৌসুম গেল ওদের। জুন-জুলাই মাসে ওরা অবকাশে থাকে। এই সময় ইনজুরিমুক্ত ও পুরো ফিটনেস থাকবে কি না স্প্যানিশ খেলোয়াড়দের, এ নিয়ে সংশয় থাকছে।হল্যান্ডের পর ইতালি: বরাবরই আমার প্রথম পছন্দের দল হল্যান্ড। হল্যান্ড বিদায় নিলে ইতালি। জানি এদের কোনো সম্ভাবনা নেই দক্ষিণ আফ্রিকায়, তবু আমার পছন্দ এই দুটো দলই। হল্যান্ডের হাতে সব সময়ই দুর্দান্ত কিছু খেলোয়াড় থাকে। কিন্তু জাতীয় দল কখনো জ্বলে উঠতে পারে না। ব্যতিক্রম ছিল ১৯৭৪ বিশ্বকাপ আর ’৮৮-র ইউরো। ফন বাস্তেন, রুদ খুলিত, রাইকার্ডরা ’৮৮-তে হল্যান্ডকে ইউরোপ সেরা করতে পারলেও বিশ্বকাপ জেতাতে পারেননি। হল্যান্ড আসলে দলগতভাবে ভালো খেলে না। এটার কারণ ওরাই ভালো জানে। গত বিশ্বকাপে আমি ‘ইতালি, ইতালি’ বলেছিলাম সবখানে, অনেকে অবাক হয়েছে। আমি বলেছিলাম, ওদের খেলা দেখতে ভালো না লাগুক, দলগতভাবে ইতালি বিপজ্জনক। গত বিশ্বকাপ জিতে সেটা তারা প্রমাণ করেছে। ইংল্যান্ডের বড় সমস্যা স্ট্রাইকিংয়ে। রুনিকে পাহারায় রাখলে আরেকটা জায়গা ফাঁকা হয়ে যায়। রক্ষণে টেরি, ফার্ডিনান্ড বড় ভরসা। ল্যাম্পার্ড, জেরার্ড মাঝমাঠের পরীক্ষিত সৈনিক। কিন্তু দুজনই আক্রমণাত্মক মিডফিল্ডার। ইংল্যান্ডের রক্ষণাত্মক মিডফিল্ডার নেই। অলৌকিক কিছু না হলে তারা বিশ্বকাপ জিতবে না। বড়জোর সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।আর্জেন্টিনা প্রসঙ্গ: আর্জেন্টিনার আক্রমণভাগ দারুণ। মাঝমাঠও ভালো। দুর্বল দিক রক্ষণ। আর্জেন্টিনাকে বেশি ভালো না বললে দলটির সমর্থকেরা অখুশি হবে জানি। তবে আমাকে সত্যি কথাটাই বলতে হবে। আর্জেন্টিনাকে নিয়ে আমি নিজে খুব একটা আশাবাদী নই। ওরা রক্ষণ নিয়ে সমস্যায় পড়বে।তবে মেসি আছেন বলে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। মেসিকে নিয়ে আর্জেন্টিনা আসলে ১৩ জনের দল। মেসি একাই তিনজন খেলোয়াড়ের কাজ করেন। মেসি তাঁর ম্যাজিক দেখাতে পারলেই কেবল ম্যারাডোনার সেই ছিয়াশি ফিরে আসতে পারে। মনে পড়ল ছিয়াশির সেই দলে ম্যারাডোনার গুরু কার্লোস বিলার্দোর (কোচ) কথা। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল কিছুদিন আগে। আমি ফিফার টেকনিক্যাল কমিটির সদস্য, একই কমিটির সদস্য বিলার্ডোও। একদিন মিটিংয়ের ফাঁকে তাঁকে বললাম, ‘আমরা একটা একাডেমি করার চেষ্টা করছি, তুমি বাংলাদেশে এলে খুব খুশি হব।’ বললেন, ‘কাজী, তুমি আমাকে দাওয়াত করো, অবশ্যই যাব।’ জার্মানির সম্ভাবনা খুবই কম: ১১ জন জার্মানকে একসঙ্গে দাঁড় করালে একটা ফুটবল দল হয়ে যায়। ওরা এমনই এক জাতি। দলটার মূল শক্তি শৃঙ্খলা আর শারীরিক সামর্থ্য। তবে শুধু এটা দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না। জার্মানির এই দলটাকে আমার কাছে গত কয়েক দশকে সে দেশের সবচেয়ে দুর্বল দল মনে হচ্ছে। এবার মানসম্মত খেলোয়াড় কম। ওদিকে ফ্রান্স বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। রোনালদোর পর্তুগাল তো হিসাবের বাইরে।আফ্রিকা-এশিয়া...: আফ্রিকার দু-একটা দল হঠাৎ চমক দিতে পারে, এর বেশি কিছু নয়। আফ্রিকায় বিশ্বমানের খেলোয়াড় আছেন, কিন্তু সবাই এক দলে নয়। মাইকেল এসিয়েন এক দলে, দ্রগবা আরেক দলে... অমুক আরেক দলে...। এঁরা সবাই এক দলে খেললে কিছু একটা হতে পারত। এশিয়ার দলগুলো নিয়েও আশাবাদী নই। মেসিই আকর্ষণ: মেসির দিকেই চোখ থাকবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপের একক তারকা হওয়ার ক্ষমতা তাঁর আছে। এই মঞ্চে নিজেকে কতটা তুলে ধরতে পারেন, সেটিই হচ্ছে দেখার। আমি মনে করি, বিশ্বকাপ জিততে টিম ওয়ার্ক লাগে। প্রয়োজন যোগ্য সাহচর্য। অসাধারণ প্রতিভাধর ম্যারাডোনা পাশে পেয়েছিলেন ক্যানিজিয়াকে। ম্যারাডোনার পাশে থেকে গোল করে গেছেন তিনি। মেসি এই সমর্থন কতটা পাবেন, সেটির ওপর তাঁর সফলতা অনেকটা ঝুলে থাকবে।রোনালদো গ্রেট খেলোয়াড়, কিন্তু ওঁর দল তো পর্তুগাল! রোবেন গ্রেট খেলোয়াড়, ওঁর দল হল্যান্ড! আসলে ব্যক্তিগত নয়, দলগত শক্তিই আসল। এবার বিশ্বকাপের বেশির ভাগ খেলোয়াড়ই গড়পড়তা মানের মনে হচ্ছে।কাকা, ল্যাম্পার্ডদের সঙ্গে কিছুক্ষণ: দোহায় ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচের পর ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান স্যার ডেভ রিচার্ডস, এএফসির সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে দুই দলের ড্রেসিং রুমে গিয়েছিলাম। কাকাকে জিজ্ঞেস করলাম, ‘কেমন অনুভব করছ এখানে খেলতে?’ ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ‘ইউ নো...ফ্যান্ড্রলি ম্যাচ... গুড ফিলিং।’ ল্যাম্পার্ড খেলেননি ওই ম্যাচ। বললেন, ‘আমাদের লিগটা খুব টাফ, বাজে ইনজুরিতে পড়েছি, তবু আমাকে দলের সঙ্গে আসতে হয়েছে।’ দেখলাম, ওঁরা সাধারণ মানুষের মতোই, মাঠে নামলে অসাধারণ হয়ে যান। ক্যাপেলো-দুঙ্গা: কোদের মধ্যে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোকে সবার আগে রাখব। এরপর দুঙ্গা। ম্যরাডোনা সম্পর্কে কিছু বলব না। ফুটবলার ম্যারাডোনার চিন্তাধারা পৃথিবীতে এক-দুজন ছাড়া আর যে কারও বোঝার ক্ষমতা নেই!