লিওনেল মেসি একজন ফুটবলারের চেয়েও বেশি কিছু। লিখেছেন রাজীব হাসান
মেসি পারেননি, তাই...
ক্ষণিক আলোকে, আঁখির পলকে একটা বিভ্রম জাগল। মনে হলো, দলটার গায়ে চেপে বসেছে আকাশি-সাদা জার্সি। দলটা যেন বার্সেলোনা নয়। আর্জেন্টিনা! মনে হলো, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসি-বার্সা নয়, কোপা আমেরিকার খেলা চলছে আর্জেন্টিনা-উরুগুয়ের মধ্যে। নিরঙ্কুশ ফেবারিট হয়েও স্বাগতিক আর্জেন্টিনা কিছুতেই ভাঙতে পারছে না উরুগুয়ের রক্ষণ। মরিয়া হয়ে সবাই একের পর এক পাস ঠেলে দিচ্ছে লিওনেল মেসির দিকে, মেসি যেন সেই অলৌকিক জাদুকর—অবিশ্বাস্য একটা কাণ্ড করে বসবেন, শূন্য হ্যাট থেকে বের করে আনবেন আস্ত খরগোশ!চেলসির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনার খেলোয়াড়েরা মরিয়া হয়ে একের পর এক পাস ঠেলে দিচ্ছিলেন মেসির দিকে। জাভি বল পাচ্ছেন, মেসিকে দিচ্ছেন। ইনিয়েস্তা-বুসকেটসও। কিন্তু মেসি পারছেন না। পারেননি। পারেনি বার্সাও। চেলসির বিপক্ষে দুটো লেগে মেসির বাঁ পা বোবা হয়ে ছিল। মেসির বুটজোড়া গান শোনায়নি এল ক্লাসিকোতেও। টানা তিন ম্যাচ মেসি তাঁর আলোকদ্যুতিতে ভাস্বর নন। আর বার্সাও কেমন ফিকে হয়ে গেল; যেন শীতের ঝরাপাতা!বার্সা-সমর্থকদের মধ্যে শুরু হয়ে গেছে ব্যর্থতার ময়নাতদন্ত। কেন পারল না পেপ গার্দিওলার দল? ফরেনসিক রিপোর্ট কী বলছে! কী লেখা আছে সুরতহাল প্রতিবেদনে? যত ব্যাখ্যাই দিন, যত আপ্তবাক্যই আওড়ান, ঠিক সময়ে এসে বার্সার জ্বলে উঠতে না পারার কারণ একটাই—মেসি নামের আতশবাজি এই তিন ম্যাচে স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল। দলগত খেলা ফুটবল এবার বার্সার জন্য মেসিময় হয়ে উঠেছে। লিগে এই মৌসুমে তিন ম্যাচে হেরেছে বার্সা, ওই তিন ম্যাচেই গোল করতে পারেননি মেসি। কোপা ডেল রের ফাইনালে উঠে আসার পথে দুটো ড্র করেছে বার্সা। ওই দুই ম্যাচের গোলদাতার তালিকায় মেসির নাম নেই। কী আশ্চর্য, চ্যাম্পিয়নস লিগে এবার বার্সা তিনটি ম্যাচে ড্র করেছে, একটিতে হেরেছে। এই চার ম্যাচেও গোল নেই লিওনেল মেসির!এই পরিসংখ্যানকে মোটেও কাকতাল ভাববেন না। মেসি এবার বার্সার জন্য হয়ে উঠেছেন সেই ‘আম্বিলিকাল কর্ড’। স্প্যানিশ লিগ শেষ না হলেও একরকম শেষ। রিয়ালের শিরোপা জয় কেবল সময়ের ব্যাপার। বার্সা কেন লিগ-শিরোপা হাতছাড়া করল? প্রথম উত্তর, অ্যাওয়ে ম্যাচে বার্সার ৫ ড্র আর ২ পরাজয়ে হারিয়ে ফেলা ১৬ পয়েন্ট। অ্যাওয়ে ম্যাচে কেন পারেনি বার্সা? প্রথম আটটি অ্যাওয়ে ম্যাচে মেসির গোল মাত্র একটি!বার্সার এবার মেসি-নির্ভরতার ভালো প্রমাণ হয়ে আছে ক্লাবটির মৌসুমের সর্বোচ্চ গোলদাতার সেরা পাঁচ তালিকা। ৫৫ ম্যাচে অবিশ্বাস্য ৬৩টি গোল করেছেন মেসি। মেসির সবচেয়ে ‘কাছাকাছি’ সেস ফ্যাব্রিগাস। তাঁর মোট গোল? ১৫টি! ফ্যাব্রিগাসের চার গুণের বেশি গোল মেসির নামের পাশে! এই মৌসুমে সব মিলে ১৭০টি গোল করেছে বার্সা। দলের মোট গোলের তিন ভাগের এক ভাগ জোগান দিয়েছেন মেসি একাই। মেসির একারই গোল যেখানে ৬৩ গোল, সর্বোচ্চ পাঁচ গোলদাতার বাকি চারজনের মোট গোল ৫১! অন্য দিকে রিয়ালের পরিসংখ্যানটি দেখুন। স্প্যানিশ লিগের সর্বোচ্চ পাঁচ গোলদাতার তিনজনই রিয়াল মাদ্রিদের। ক্রিস্টিয়ানো রোনালদোর (৪২ গোল) পাশাপাশি গঞ্জালো হিগুয়েইন আর করিম বেনজেমাও দলকে এগিয়ে নিয়েছেন। লিগে এই দুজনের মোট গোল ২৯টি। সেখানে ৪১ গোল করা মেসির পর বার্সার পক্ষে লিগে সর্বোচ্চ গোলদাতা অ্যালেক্সিস সানচেজ (১১)। মৌসুমে রোনালদোর মোট গোল ৫৬টি, বেনজেমা-হিগুয়েইনও এনে দিয়েছেন ৫৪ গোল।শুধু গোল করা? এই মৌসুমে বার্সার সবচেয়ে বেশি গোল-জোগানদাতাও মেসি। এই মৌসুমে মেসি গোল করিয়েছেন ২৬টি! তিনি চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাই শুধু নন, সবচেয়ে বেশি গোল-সহায়তাকারীও (৫টি)। স্প্যানিশ লিগেও মেসির প্রত্যক্ষ পাসে গোল হয়েছে ১৩টি। লিগে তাঁর চেয়ে বেশি গোল করিয়েছেন কেবল মেসুত ওজিল (১৬টি) আর অ্যাঙ্গেল ডি মারিয়া (১৪টি)। ইনজুরি নিয়ে ডেভিড ভিয়া ছিটকে পড়েছেন অনেক আগেই। শুরুতে বেশ ঝলক দেখানো ইব্রাহিম অ্যাফেলাইও চোটের খাঁড়ায় কাটা পড়েছেন অনেক দিন হলো। ২০০৮-০৯ মৌসুমের সেই পেদ্রো কোথায় যেন হারিয়ে গেছেন। অ্যালেক্সিস সানচেজ এক ম্যাচে জ্বলেন তো তিন ম্যাচে নিষ্প্রভ। সেস ফ্যাব্রিগাস শুরুর ঝলক হারিয়ে ফেলেছেন; গত দুই মাসে কোনো গোল পাননি।আক্রমণভাগে এই হলো বার্সার কামানগুলোর দৈন্যদশা। সেখানে মেসি একাই টেনেছেন দলকে। শুধু ম্যাচে গোল এনে দেওয়া বা গোল করানোতে নয়; এই মৌসুমে বার্সার ৫৯টি ম্যাচের ৫৫টিতেই খেলেছেন ক্লান্তিহীন মেসি। শুরু থেকে খেলেছেন ৫২টি ম্যাচে। প্রায় সব কটি ম্যাচেই ছিলেন পুরো ৯০ মিনিট। সব মিলিয়ে এই মৌসুমে প্রায় ৪৭৭৫ মিনিট মাঠে ছিলেন! ‘মোর দ্যান আ ক্লাব’ বার্সেলোনার জন্য এই মৌসুমে মেসি যেন ছিলেন আক্ষরিক অর্থেই ‘মোর দ্যান আ প্লেয়ার’![সব পরিসংখ্যান গত শুক্রবার পর্যন্ত]