মেসিতে পুনরুত্থান স্টার্কের
কজনই বা জানত আর্চি স্টার্কের নাম! লিওনেল মেসির কল্যাণে বিস্মৃতির ধুলো সরিয়ে বেরিয়ে এলেন ২৭ বছর আগে প্রয়াত মার্কিন স্ট্রাইকার। তাঁর ৮৭ বছরের পুরোনো রেকর্ডই যে ভেঙে দিয়েছেন মেসিমৃত্যুর ২৭ বছর পর পুনরুত্থান হলো আর্চিবল্ড ‘আর্চি’ স্টার্কের। স্কটল্যান্ডে জন্ম নেওয়া মার্কিন এই ফুটবলারকে নবজন্ম দিলেন ফুটবল মেসিয়াহ লিওনেল মেসি। এই সময়ের ফুটবল মহাতারকা মেসির কীর্তিই বিস্মৃতির অতল গহ্বর থেকে আলোয় তুলে আনল ৮৭ বছর আগে গড়া স্টার্কের অনন্য এক রেকর্ডকে। নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিল হারিয়ে যাওয়া এক নামের সঙ্গে।এ মাসের ৫ তারিখে এসপানিওলের বিপক্ষে করা মেসির চার গোলের তৃতীয়টিই ৮৭ বছর পর স্টার্ককে মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে নামিয়ে দিয়েছে। কিন্তু দিয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। জীবদ্দশায় যুক্তরাষ্ট্রের বাইরে কজনই বা জানত বেথলেহেম স্টিল সকার ক্লাবের এই স্ট্রাইকারের নাম! ১৯২৪ সালে নিউইয়র্ক ক্লাব থেকে বেথলেহেমে যোগ দেন ২৭ বছর বয়সী স্টার্ক। এসেই ধুন্ধুমার কাণ্ড। আমেরিকান সকার লিগে (এএসএল) ৪৪ ম্যাচেই করে বসলেন ৬৭ গোল। লিগ কাপের দুই ম্যাচে আরও তিনটি, মৌসুমে মোট ৭০টি। এক মৌসুমে মোট গোলের বিশ্ব রেকর্ড।১৮৯৮ সালে স্কটল্যান্ডে জন্মেছিলেন স্টার্ক। ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, থিতু হন নিউজার্সির কিয়ার্নিতে। কিয়ার্নির স্কটস-আমেরিকান দলের হয়েই প্রথম সাফল্য ধরা দেয় স্টার্কের হাতে। দলকে ১৯১৫ সালে আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন কাপ জেতান জয়সূচক গোলটি করে।শুধু ফুটবল মাঠেই লড়েননি স্টার্ক, লড়েছেন সত্যিকারের যুদ্ধক্ষেত্রেও। প্রথম বিশ্বযুদ্ধে ইউএস আর্মিতে যোগ দিয়ে ফ্রান্সে যুদ্ধ করেছেন। যুদ্ধের পর নিউজার্সির দুটি ক্লাব ইরি এএ ও প্যাটারসন এফসিতে খেলার পর চলে যান নিউইয়র্কে, এরপর বেথলেহেম স্টিল হয়ে নেয়ার্ক আমেরিকানস। সবশেষে নিজ শহরের ক্লাব কিয়ার্নি আইরিশেই ক্যারিয়ারের ইতি টানেন।১০ মৌসুম এএসএলে খেলে স্টার্ক ২৬০টি গোল করেছেন, যেটা এখনো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের রেকর্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেললেও করেছেন এমন একটি রেকর্ড, যেটি তিনজন সমান করলেও ভাঙতে পারেননি কেউই। ১৯২৫ সালের ৮ নভেম্বর কানাডার বিপক্ষে একাই করেছিলেন চার গোল। ওই বছরই এএসএলের তিনটি ম্যাচে পাঁচটি করে গোল করেছিলেন ১৯৮৫ সালে কিয়ার্নিতেই শেষনিঃশ্বাস ত্যাগ করা স্টার্ক।বলা যায়, লিওনেল মেসি তাঁকে ‘নতুন জীবন’ই দিলেন! সোলায়মান পলাশ