মেসিদের খেলা: পুলিশের বিধিনিষেধ
৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ আশপাশের কিছু এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।বিধিনিষেধ অনুসারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় পাস বা টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। খেলার সময় স্টেডিয়ামের প্রবেশ পথ বেলা তিনটায় খোলা হবে আর ছয়টায় বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো দর্শক একবার স্টেডিয়াম থেকে বের হলে আর প্রবেশ করতে পারবেন না। খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে কোনো দর্শককে অটোগ্রাফ নিতে দেওয়া হকে না। একই সঙ্গে দর্শকেরা মুঠোফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক পণ্য নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবে না। স্টেডিয়াম এলাকায় যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে এবং অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি স্টেডিয়াম এলাকায় প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে। খেলা দেখার সুবিধার্থে মহানগর পুলিশ নগরের বিভিন্ন স্থানে বড় পর্দার ব্যবস্থা করবে।অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এসএসএফ-কে সহায়তা করছে বলে উল্লেখ করেন বেনজীর আহমেদ।