ডেভিড ভিয়া...ফার্নান্দো তোরেস...লিওনেল মেসি। সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে দুই স্প্যানিয়ার্ড আর এক আর্জেন্টাইনকেই এগিয়ে রাখছি আমি।সবার আগে ভিয়া কেন? কারণ আমার মতে সম্ভাবনাটা তাঁরই বেশি। ভিয়ার ফিনিশিং দারুণ। তার মানে কি মেসি-তোরেসের ফিনিশিং খারাপ! প্রশ্নই আসে না। ভিয়াকে এগিয়ে রাখছি, ও প্রথাগত স্ট্রাইকার বলে। গত ইউরোর সর্বোচ্চ গোলদাতা, বিশ্বকাপ বাছাইপর্বে ৭ গোল। লা লিগায় ৩২ ম্যাচে ২১ গোল। ভিয়ার সম্ভাবনা বেশি মনে হচ্ছে আরেকটি কারণে, স্পেন এবার ফাইনালে যেতে পারে। ৭টি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন ভিয়া।ফিট থাকলে এই সুযোগটা পাবেন তোরেসও। কিন্তু ওর ফিটনেস নিয়ে সংশয় আছে। টেকনিকের দিক থেকে তোরেস খুবই ভালো স্ট্রাইকার। দ্রুত জায়গামতো চলে যেতে পারেন। তবে বিশ্বকাপে কী অবস্থায় থাকেন, সেটাই হলো প্রশ্ন। গোলের রাস্তা চেনা যদি সেরা গোলদাতা হওয়ার অন্যতম পূর্বশর্ত হয়, তাহলে ভিয়া আর তোরেসের পর মেসির নাম কেন রাখছি, এটা একটা প্রশ্ন বটে। মেসিই তো পথটা সবচেয়ে ভালো চেনেন। এবারের লা লিগায় সর্বোচ্চ ৩৪ গোল, চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৮ গোল—দারুণ ফর্ম নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন মেসি। তার পরও ওকে সোনার জুতার দৌড়ে সবার আগে রাখছি না এই যুক্তিতে, মেসি শুধুই একজন স্ট্রাইকার নন, পরিপূর্ণ এক ফুটবলার। তিন-চারজনকে অনায়াসে কাটানোর ক্ষমতা রাখেন, যেটা ছিল ম্যারাডোনার। স্কিলে ভিয়া-তোরেসের চেয়ে মেসি এগিয়ে। গোল করেন, করান। প্রথাগত স্ট্রাইকারের চেয়ে মাঠে তাঁর কাজ আলাদা। তাঁর ওপর দায়িত্বও বেশি। ভিয়া-তোরেস বল পাবেন পেছন থেকে, মেসি নিজেই হয়তো বল তৈরি করে ছুটবেন। এখানেই ও আলাদা। গোটা দলের প্রত্যাশাকে সঙ্গী করে মাঠে নামবেন বলেই সম্ভাব্য সেরা গোলদাতার তালিকায় ওকে ভিয়া-তোরেসের পেছনে রাখছি।ক্রিস্টিয়ানো রোনালদোও শুধু স্ট্রাইকার নন, বল প্লেয়ার। তাঁর বড় সম্পদ গতি। কিন্তু বড় ঘাটতি তাঁর দল। বিশ্বকাপে পর্তুগাল বেশি দূর যাবে বলে মনে হচ্ছে না। কাজেই রোনালদোর যাত্রাটাও লম্বা হওয়ার সম্ভাবনা কম। ওয়েইন রুনিকে নিয়ে ব্রিটিশদের মাতামাতি আছে। ভালো খেলোয়াড়, শক্তসমর্থ। সোনার জুতার দাবিদার হতে হলে ধারাবাহিকভাবে তাঁকে গোল করে যেতে হবে। কিন্তু আমার মনে হয় না, রুনি সেটা পারবেন। দিদিয়ের দ্রগবার নামটাও আসা উচিত। চেলসির হয়ে ৩২ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা, মৌসুমে ৪৪ ম্যাচে ৩৭ গোল—দ্রগবার নাম । বাদ দেবেন কী করে! কিন্তু তাঁর দল আইভরিকোস্টের বিশ্বকাপে বেশিদূর যাওয়ার কথা নয়, এ জন্যই দ্রগবার দৌড়টা থেমে যেতে পারে শুরুর পর পরই। এখন তো আবার ওর খেলা নিয়েই সংশয়। ভালো স্ট্রাইকার কারা? নিখুঁত ফিনিশিং তো লাগেই। সঙ্গে গতি আর পজিশনজ্ঞানও ভালো থাকতে হয়। নিজের কল্পনাশক্তি দিয়ে সময়মতো আসল জায়গায় চলে যেতে হয় স্ট্রাইকারকে। পাওলো রসির এই ক্ষমতাটা ছিল দারুণ। খেলোয়াড় হিসেবে তাঁকে হয়তো আহামরি বলা যায় না। কিন্তু মাঠে ওকে দেখলেই মনে হতো, এই বুঝি গোল করে দেবেন। পজিশনাল প্লে, দ্রুত দৌড়, দুর্দান্ত ফিনিশিং—বড় স্ট্রাইকার বলতে যা বোঝায়, রসি ছিলেন তা-ই।জায়গামতো জায়গায় থেকে মিস করতেন খুবই কম—এমন স্ট্রাইকার হিসেবে ব্রাজিলের রোনালদোকে সর্বকালের সেরা বলব আমি। আদ্যন্ত স্ট্রাইকার, ফিনিশিং ছিল জাদুর মতো। তিন-চারজন ডিফেন্ডারের ফাঁক গলেও অনায়াসে প্লেসিং করার ক্ষমতা ছিল। বিশ্বকাপে ১৫ গোল তো আর এমনিতেই হয়নি।রোনালদো যাঁর রেকর্ড ভেঙেছেন, জার্মানির সেই জার্ড মুলারও ছিলেন পরিপূর্ণ স্ট্রাইকার। বক্সের মাথায় ছিলেন খুবই চটপটে এবং প্রত্যুত্পন্নমতি। উচ্চতায় খাটো ছিলেন, একটা পা ছিল একটু ছোট—এসব ‘ঘাটতি’র পরও পজিশনজ্ঞান তাঁকে অমন দুর্ধর্ষ স্ট্রাইকার বানিয়েছিল। বক্সের মাথায় একজন স্ট্রাইকার ঘুরঘুর করছেন, কখন বল আসবে আর গোল করে দেবেন...এমন স্ট্রাইকার এখন বিশ্ব ফুটবলে খুব কমই আছে। সে রকম স্ট্রাইকারের যুগই বোধ হয় শেষ হতে চলেছে। বক্সের ওপর দাঁড়িয়ে যার কাজ হবে শুধুই গোল করা।