মেসির টানে মাঠে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিল্লুর রহমান এসেছেন আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখায়। উদ্দেশ্য, আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচের টিকিট সংগ্রহ করা। সাড়ে সাত হাজার টাকা দিয়ে পূর্ব গ্যালারির একটি টিকিট কিনলেন তিনি। টিকিটের দাম তাঁর কাছে কোনো বিষয় নয়। জিল্লুরের ভাষ্য, ‘ছোটবেলা থেকেই আমি ম্যারাডোনার ভক্ত। বিশ্বকাপ ফুটবলের সময় ম্যারাডোনার দল আর্জেন্টিনাকে সমর্থন করি। প্রিয় সেই দল আসছে ঢাকায়, খেলবে এ শহরের মাঠে। প্রিয় দলকে এত কাছে পেয়েও তাদের খেলা সরাসরি মাঠে বসে দেখব না, তা কি হয়! তাই টাকার মায়া ত্যাগ করে প্রিয় ফুটবল দলের খেলা সরাসরি দেখার জন্যই এ টিকিট কেনা।’তবে এখনকার খুদে দর্শকদের কাছে বড় তারকা লিওনেল মেসি। তাঁর টানেই ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছুটবে তারা। সে কথাই বলছিলেন পুরান ঢাকার বাসিন্দা তাসলিমা বেগম। তাঁর কথা, ‘আমার স্কুলপড়ুয়া ছেলেমেয়ে দুজনই মেসির খুব ভক্ত। ওদের দাবি, স্টেডিয়ামে বসে প্রিয় দল, প্রিয় তারকার খেলা দেখবে। তাই ওদের জন্য পশ্চিম গ্যালারির টিকিট কিনলাম। আমিও খেলা দেখতে যাব।’ তাঁর সঙ্গেও দেখা হয় আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখায়। তাসলিমা নিলেন তিনটি টিকিট।তাঁদের মতো এ রকম আরও অনেকেই আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচের টিকিট সংগ্রহ করছে আইএফআইসি ব্যাংকের নির্দিষ্ট আটটি শাখা থেকে। এগুলো হচ্ছে: মতিঝিল, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, কারওয়ান বাজার, মিরপুর, ইসলামপুর ও গুলশান শাখা।৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসছে এই প্রীতি ম্যাচের আসর। ‘বেক্সিমকো ফুটবল ফেস্ট’ নামের এই খেলার পূর্ব, পশ্চিম ও বক্স গ্যালারির টিকিট বিক্রি করছে আইএফআইসি ব্যাংক। ভিআইপি গ্যালারির টিকিট বিক্রি করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আইএফআইসি ব্যাংকের হেড অব করপোরেট (কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং) মোহাম্মদ আসাদুজ্জামান জানালেন, তাঁরা প্রীতি ম্যাচটির টিকিট বিক্রির দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পূর্ব গ্যালারির টিকিট পাঁচ হাজার ৩৯৬টি, পশ্চিম গ্যালারির ছয় হাজার ৪৪৭টি এবং করপোরেট টিকিট তিন হাজার ১৩৪টি। পূর্ব গ্যালারির একটি টিকিটের দাম সাত হাজার ৫০০ টাকা, পশ্চিম গ্যালারির টিকিট ১০ হাজার টাকা এবং প্রতিটি করপোরেট টিকিটের দাম ১০ হাজার ৬০০ টাকা। পূর্ব ও পশ্চিম গ্যালারির টিকিট একজন একসঙ্গে সর্বোচ্চ ১০টি কিনতে পারবে। করপোরেট টিকিট একসঙ্গে কিনতে হয় ৫০টি, ১০০টি কিংবা ৫০০টি। স্টেডিয়ামের বক্স রুমের আসনই করপোরেট টিকিটের আওতায় বিক্রি হচ্ছে।এখন যাঁরা ব্যাংকে গিয়ে টিকিট কিনছেন, তাঁদের কিন্তু মূল টিকিট দেওয়া হচ্ছে না। তাঁরা পাচ্ছেন একটি নমুনা টিকিট। এই নমুনা টিকিট দেখিয়ে আজ ও আগামীকাল (৪ ও ৫ সেপ্টেম্বর) মূল টিকিট সংগ্রহ করতে হবে। বাজারে আগে টিকিট ছাড়লে টিকিট নকল হতে পারে, এটা এড়াতেই আগেভাগে মূল টিকিট দেওয়া হচ্ছে না বলে জানা গেল।আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচ সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অ্যাসিস্ট্যান্ট মিডিয়া ম্যানেজার আসিকুর রহমান বলেন, বাফুফে এই খেলার ভিআইপি টিকিটগুলো বিক্রি করছে। ভিআইপি টিকিটের দাম ৫০, ৩০ ও ২০ হাজার টাকা। সব টিকিটই আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হচ্ছে।বেক্সিমকো ফুটবল ফেস্টের আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল বলেন, ‘দেশের মানুষ ফুটবল খেলা অনেক পছন্দ করে। এ ছাড়া এ দেশের অনেকেই আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত, তাই দেশের মানুষকে আরও একবার ফুটবল জোয়ারে ভাসাতে আমাদের এই আয়োজন।’এখন পর্যন্ত নগরজুড়ে আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে তেমন একটা উন্মাদনা দেখা যাচ্ছে না। বিশ্বকাপ ক্রিকেটের মতো টিকিটের জন্য ভিড় দেখা যায়নি। আবার বিশ্বকাপ ফুটবলের সময় যেভাবে নগরের ছাদে ছাদে আর্জেন্টিনার পতাকা ওড়ে, ওই রকম পতাকাও দেখা যাচ্ছে না। টিকিট যাঁরা নিয়েছেন, তাঁদের অনেকেই বলছেন, মেসির খেলা দেখতেই মাঠে ছুটবেন তাঁরা। ম্যাচটির প্রতি কারও কারও আগ্রহ, ম্যারাডোনার দেশের একটি দল বলে।