মেসিয়ার আবদুস সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সালাম মেসিয়ার। কাজ করেন সদরঘাটের রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ছয় বছর ধরে এখানে আছেন। এই হোটেল দিনরাত ২৪ ঘণ্টাই খোলা থাকে। সালামের ডিউটি শুরু হয় সকাল ছয়টায়, শেষ হয় রাত নয়টায়। প্রতি মাসে তাঁর বেতন পাঁচ হাজার টাকা। দিনে বকশিশ পান ১৫০ থেকে ২০০ টাকা। কাস্টমারদের কেউ পাঁচ টাকা, কেউ ১০ টাকা বকশিশ দেন। সালামরা একে বলেন ‘টিপস’। তিনি বলেন, ‘মানুষের মন বোঝা বড় কঠিন। কিছু কিছু কাস্টমার অনেক সময় খারাপ ব্যবহার করে।’আবদুস সালাম রাতেও থাকেন হোটেলঘরে। পানিবয়, মেসিয়ার, বাবুর্চিসহ ২৬ জনের হোটেলঘরের ওপরে ঘুমানোর ব্যবস্থা আছে। সেখানে তাঁদের জন্য রয়েছে একটি টেলিভিশন।আবদুস সালামের গ্রামের বাড়ি কুমিল্লার ইলিয়টগঞ্জে। সেখানে তাঁর কিছুই নেই। তিনি জানান, তাঁর বাবা ছোটবেলা থেকেই নিখোঁজ। তাঁর মা মারা যান দেড় বছর বয়সে। সালামের নানাবাড়ি ছিল কচুয়ার উজানী গ্রামে। দুই বছর বয়সে অন্ধ নানির সঙ্গে ভিক্ষা করতেন। ১২-১৩ বছর অন্ধ নানির সঙ্গে কাটিয়েছেন। লোকেরা সালামকে বলত ‘কানি বেডির নাতি’। ছোটবেলায় দেখেছেন, খালারা ধানের সময় সিলেটে কাজ করতে যেতেন। বাড়ি ফিরতেন চার-পাঁচ মাস পর।আবদুস সালাম ছোটবেলায় মাঝেমধ্যে স্কুলে গেছেন। একটু বড় হয়ে মানুষের বাড়িতে কাজ করেছেন। আবার এলাকায় রিকশাও চালিয়েছেন। আবদুস সালাম চারটি বিয়ে করেছেন। কাউকে তালাক দেননি। বউ তিনজন নিজে থেকেই চলে গেছেন। এক বউ ছিলেন খালাতো বোন। তাঁর ঘরে একটি মেয়ে আছে, নাম মৌসুমী। বয়স ১৬ বছর। মৌসুমী মায়ের কাছে কুমিল্লার ময়নামতী এলাকায় থাকে।আবদুস সালাম দুই বছর আগে মৌসুমীকে দেখে এসেছেন। মেসিয়ারি করেই নানার বাড়ি উজানী গ্রামে একটু জমি কিনেছেন। আরও কিছু টাকা জমেছে, তা দিয়ে মেয়ের বিয়ে দেবেন। অন্ধ নানি এখনো বেঁচে আছেন। তাঁকে মাঝেমধ্যে কিছু টাকা পাঠান। আবদুস সালাম আর বিয়েশাদি করতে চান না।