জন্ম ১৫ অক্টোবর, ১৯৮৮জন্মস্থান গেলসেনকারসেন, জার্মানিউচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চিওজন ৭৬ কেজিপজিশন অ্যাটাকিং মিডফিল্ডারবর্তমান ক্লাবরিয়াল মাদ্রিদপ্রিয় ও অন্যান্যপোশাক ক্যাজুয়ালপানীয় পানিদল বার্সেলোনাআদর্শ জিনেদিন জিদানমানুষের যে গুণ পছন্দ সততাঅবসর কাটে বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দিয়েতুর্কি বাবা-মায়ের ঘরে জন্ম। তাই তুরস্কের হয়েও খেলতে পারতেন মেসুত ওজিল। তুরস্ককে বেছে নেওয়াটাই সহজ ছিল তাঁর জন্য। বিশ্ব ফুটবলে জার্মানি বরাবরই পরাশক্তি। সেই তুলনায় তুরস্ক তো ছোট দল। তুরস্কের ফুটবল ফেডারেশন যোগাযোগও করেছিল ওজিল ও তাঁর পরিবারের সঙ্গে। কিন্তু জাতীয় দলে ঠাঁই পাওয়াটা সহজ নয় জেনেও জার্মানিকেই বেছে নিলেন ওজিল।তবে নিজের ওপর একটা বিশ্বাস ছিল তাঁর, পরিশ্রম করে যেতে পারলে জাতীয় দলে খেলার সুযোগ পাবেনই। জন্মসূত্রেই পরিশ্রমী। তুরস্ক থেকে তাঁর দাদা জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন খালি হাতে। খনি শ্রমিক হিসেবে কাজ শুরু করে জার্মানিতেই প্রতিষ্ঠা করেছেন পরিবারকে। সেই পরিশ্রমের মানসিকতা দাদার সূত্রে পেয়েছেন ওজিলও। প্রকৃতিদত্ত প্রতিভা নন। তার পরও যে আজকের অবস্থানে উঠে এসেছেন, সেটার মূলে ওই পরিশ্রম।বড় ফুটবলার হতে হবে—ওজিলের ওপর এমন কোনো চাপ ছিল না পরিবারের। ভালো লাগত বলেই খেলতেন। আর ভালো খেলতেন বলে স্থানীয় দলগুলোর চোখ ছিল তাঁর ওপর। ২০০৫ সালে শালকে জিরো ফোরের যুবদলে যোগ দেওয়ার আগে গেলসেনকারসেনের বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন ওজিল। এক বছর পরই ক্লাবের সিনিয়র দলে অভিষেক। এখানে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ভেরডার ব্রেমেনে যোগ দেন ওজিল। এই ক্লাবই তাঁকে আলোয় এনেছে। ব্রেমেনের মধ্যমাঠের মধ্যমণি হয়ে ওঠায় ‘জার্মানির মেসি’ এবং ‘জার্মানির জিদান’ নামে ডাকা হতো তাঁকে।ফুটবলে তাঁর আদর্শ জিনেদিন জিদান। সময়-সুযোগ হলেই টিভিতে খেলা দেখতেন তাঁর। তবে জিদানের দল রিয়াল মাদ্রিদ নয়, শৈশবে ওজিলের প্রিয় দল ছিল বার্সেলোনা। তার পরও তাঁর আদর্শ জিদানের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে যেন স্বপ্নটাকে সত্যি করে তুলেছেন।ভেরডার ব্রেমেনে খেলার সময়ই ডাক পান জাতীয় দলে। অবশ্য তারও আগে খেলেছেন জার্মানির অনূর্ধ্ব-১৯ ও ২১ দলে। আন্তর্জাতিক ফুটবলে নিজেকে চিনিয়েছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। গোল্ডেন বলেরও অন্যতম দাবিদার ছিলেন। বিশ্বকাপের পারফরম্যান্সই তাঁকে টেনে আনে রিয়ালে। তারকার হাট রিয়ালে এসে প্রথম প্রথম আড়ালে থাকলেও পরিশ্রমী ওজিল ক্রমেই খোলস ছেড়ে বেরোচ্ছেন, মধ্যমাঠে দেখিয়ে যাচ্ছেন সৃজনশীলতা।ব্যক্তি ওজিল খুব সাদাসিধে। ধার্মিকও। নিয়মিত নামাজ পড়েন। এমনকি ড্রেসিংরুমেও নামাজ পড়ে নেন। এ নিয়ে অবশ্য অস্বস্তি নেই ওজিলের, ‘এটা সবাই মেনে নিয়েছে। তাই এখন আর কোনো অসুবিধায় পড়তে হয় না।’অসুবিধা একটা হয়েছে রিয়ালে যোগ দেওয়ার পর। বান্ধবী আনা মারিয়া লাজারব্লমকে নিয়ে মাদ্রিদেই বাস করছিলেন। কিন্তু স্পেনের রাজধানীতে মানিয়ে নিতে পারেননি লাজারব্লম। শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটিয়ে স্পেন ছেড়ে জার্মানিতে ফিরে যান লাজারব্লম। পত্রপত্রিকায় তাঁদের ছাড়াছাড়ির খবরও প্রকাশ পায়। ওজিলের জীবনে এটি বড় ধাক্কাই। কারণ, ওজিল বরাবরই বলে এসেছেন, পরিবার সব সময়ই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন, সবাইকে নিয়ে যান সিনেমা হলে।লাজারব্লমের সঙ্গে ছাড়াছাড়িটা অবশ্য ওজিলের মাঠের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেনি। আর পড়বেই বা কেন, ওজিলের ধ্যানজ্ঞানে যে দূরের ছবি—রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা, জার্মানির হয়ে বিশ্বকাপ। সামনে যাঁর এমন লক্ষ্য, কোনো কিছু কি লক্ষ্যপথ থেকে তাঁকে টলাতে পারে? শাহরিয়ার ফিরোজ