মেসে ছাত্রছাত্রীদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজেকে মাঝেমধ্যে মানুষ ভাবতে কষ্ট হয়, বিনোদন বলতে কিছুই পাই না, নিজেরা চাঁদা তুলে মাঝেমধ্যে পত্রিকা কিনে পড়া হয়, আর সিনেমা হলে সিনেমা দেখা, এই তো বিনোদন।’ এভাবেই বলছিলেন রাধানগর হাউসপাড়ার মেসে থাকা ছাত্র ওহিদুল কাওসার। পাবনার মেসগুলোতে ছাত্রছাত্রীদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। বিনোদন বঞ্চিতভাবেই দিন কাটছে তাঁদের।একাধিক ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের অধিকাংশ মেসেই ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য মেস মালিকেরা কোনো ব্যবস্থা রাখেননি। দু-একটি বড় মেসে একটি ১৪ ইঞ্চি টেলিভিশন থাকলেও আর কিছু নেই। কিছু ছাত্রছাত্রী নিজের টাকায় রেডিও, ক্যাসেট প্লেয়ার কিনে ব্যবহার করেন। অনেক মেসেই নিজেদের চাঁদায় কেনা হয় পত্রিকা।সরেজমিন কয়েকটি মেসে দেখা যায়, প্রতিটি মেসে ৬৫ থেকে ৭৫ জন ছাত্র থাকলেও কোনো মেসেই তাঁদের বিনোদনের জন্য ব্যবস্থা রাখা হয়নি। ছাত্রছাত্রীরা নিজেরা চাঁদা তুলে একটি করে দৈনিক পত্রিকা কেনেন, যা নিয়ে তাঁদের মধ্যে প্রতিদিনই কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। একটি পত্রিকা নিয়ে চলে ঝগড়াবিবাদ। কোনো মেসেই টেলিভিশন নেই। একটি মেসে মালিকের গুদাম ঘরে ছাত্রদের টেলিভিশন দেখার ব্যবস্থা করা হয়েছে। গাদাগাদি করেই সেখানে তাঁরা টেলিভিশন দেখেন এবং পত্রিকা পড়েন।