মেসের ছাত্রছাত্রীদের প্রিয় কলেজ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ও এর চারপাশের মেসগুলোকে ঘিরে কলেজের পাশে রাধানগর মহল্লায় গড়ে উঠেছে একটি বাজার। এই বাজারের অধিকাংশ ক্রেতাই কলেজের ছাত্রছাত্রী। ফলে এর নাম হয়েছে কলেজ বাজার। অল্প দামে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাওয়ায় মেসের ছাত্রছাত্রীদের কাছে বেশ প্রিয় বাজারে পরিণত হয়েছে।সরেজমিন দেখা যায়, প্রতিদিন সকাল থেকেই ছাত্রছাত্রীদের পদচারণে পুরো কলেজ বাজার মুখরিত হয়ে ওঠে। চলে দুপুর পর্যন্ত। স্বচ্ছন্দে ছাত্রীরা নিজেরাই বাজার থেকে কেনাকাটা করেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায়।এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী নূরুন্নাহার জানান, শহরের অন্য সব বাজারের তুলনায় কলেজ বাজারের পণ্য দামে বেশ সস্তা। এখানে টাটকা শাকসবজি থেকে শুরু করে মাংস, ছোট মাছ সবই পাওয়া যায়। তাই নিয়মিত এখান থেকেই বাজার করা হয়।আরেক ছাত্রী জান্নাতুল ফেরদৌস জানান, কলেজ বাজারের বেশির ভাগ ক্রেতা কলেজের ছাত্রছাত্রী। ফলে সকাল সকাল বাজারে সবার সঙ্গে দেখা হয় এবং মিলেমিশে বাজার করতে বেশ মজাই লাগে। প্রতিদিন সকালে বাজার করা নেশার মতো হয়ে গেছে। এক দিন বাজারে না এলে ভালো লাগে না।ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মুস্তাফিজুর রহমান বলেন, ‘কলেজ বাজারের বিক্রেতারা ছাত্রছাত্রীদের চাহিদা বোঝেন। এখানে প্রয়োজনীয় সব দ্রব্যই খুব অল্প দামে পাওয়া যায়।’বাজারের সবজি বিক্রেতা হান্নান জানান, এ বাজারে অধিকাংশ ক্রেতাই ছাত্রছাত্রী। তাই তাঁদের কথা বিবেচনা করে অল্প দামে ভালো জিনিস সরবরাহের চেষ্টা করা হয়।মাছ বিক্রেতা আলাল উদ্দিন বলেন, ‘কলেজ বাজারে বড় মাছ খুব একটা বেশি বিক্রি হয় না। ছাত্রছাত্রীরা ছোট মাছ বেশি পছন্দ করেন। তাই এই বাজারে ছোট মাছ বেশি পাওয়া যায়। বাজারের মাছ বিক্রেতারা দূর-দূরান্ত থেকে ছোট মাছ সংগ্রহ করে এখানে নিয়ে আসেন।’