মেহেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে গতকাল মঙ্গলবার রাতে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তেরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই মেহেরপুর শহর বিএনপির শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সভা করে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে আট থেকে নয়জনের সশস্ত্র সন্ত্রাসী দল মাইক্রোবাস নিয়ে নজরুল ইসলামের বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা তাঁকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে গ্রামবাসী গিয়ে পার্শ্ববর্তী দামুড়হুদার উপজেলার কালিয়াবুখরী মাঠে তাঁর লাশের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখে। লাশের মাথা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমানায় এবং দেহের অংশ মেহেরপুর সদর উপজেলা সীমানায় ছিল। লাশ কোন থানার পুলিশ উদ্ধার করবে এ নিয়ে দামুড়হুদা থানা ও সদর থানার মধ্যে টানাপোড়েন চলে। পরে লাশ উদ্ধার করে দামুড়হুদা থানা মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, নজরুলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে। তিনি ১০ বছর আগে কাঁঠালপোতা গ্রামের চরমপন্থী নেতা জঙ্গল হত্যা হলে সেই মামলার আসামি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি গ্রাম্য চিকিৎসকের কাজ করতেন। মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মাসুদ অরুণ বলেন, নিহত নজরুল ইসলাম পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে কাজ করছিলেন। তিনি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, নিহতের বাড়ি মেহেরপুর হলেও লাশ পাওয়া গেছে চুয়াডাঙ্গার দামুড়হুদায়। পুলিশ হত্যাকাণ্ডের কারণ খুঁজতে ও হত্যাকারীদের ধরতে ঘটনার পরপরই অভিযানে নেমেছে। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।