মেহেরপুর ও চাঁপাইনবাবগঞ্জে ৩২টি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আজ মঙ্গলবার ৩২টি বোমা উদ্ধার করা হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সদর উপজেলার উজলপুরের বৈকুণ্ঠপুর গ্রামের একটি মাঠ থেকে আটটি পরিত্যক্ত বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো শক্তিশালী বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির জন্য কোনো সন্ত্রাসী চক্র বোমাগুলো এনে থাকতে পারে। এদিকে র্যাব চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের গ্রাম বাকেরআলীর একটি গোরস্থান থেকে আজ হাতে তৈরি ২৪টি বোমা উদ্ধার করেছে। র্যাব-৫-এর রাজশাহীর কর্মকর্তা জামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই কবরস্থানে অভিযান চালায়। তবে বোমাগুলো খুব শক্তিশালী নয় বলে ধারণা করা হচ্ছে।