মেহেরপুর ও বরিশালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামে আজ শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুর্জয় বাবু ওরফে বাচ্চু (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।র‌্যাবের দাবি, নিহত দুর্জয় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার ছিলেন।মেহেরপুরে র‌্যাব-৬-এর কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলামের ভাষ্য, আজ ভোর চারটার দিকে গোলাগুলির শব্দ শুনে র‌্যাবের একটি টহল দল পূর্ব মালসাদহ-হাড়িয়াদহ সড়কের একটি বাঁশবাগানের দিকে যায়। সেখানে চরমপন্থী সংগঠনের দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটছিল। এমন পরিস্থিতিতে র‌্যাব অতিরিক্ত ফোর্সসহ বাঁশবাগানের চারপাশ ঘিরে ফেলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায়। গোলাগুলি থেমে গেলে র‌্যাব ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে স্থানীয় গ্রামবাসী জানায়, নিহতের নাম দুর্জয় বাবু ওরফে বাচ্চু।র‌্যাব-৬-এর কমান্ডার আরও জানান, চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, নিহত দুর্জয় বাবু ওরফে বাচ্চুর নামে গাংনী এবং পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় ১১টি মামলা আছে।বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে রবিপুর গ্রামে আজ ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আল-আমিন ওরফে সন্যামত নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।বরিশাল র‌্যাব সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের পিয়ারপুর ব্রিজের কাছে অবস্থান নিয়েছিল পাঁচ থেকে সাতজনের একটি দল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র‌্যাব তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি বাকেরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত আল-আমিন ওরফে সন্যামতের বলে শনাক্ত করা হয়।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম জানান, আল-আমিনের বিরুদ্ধে থানায় ১৭টি মামলা আছে।