মেহেরপুরে দরপত্র দাখিল করা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে।মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন জানান, ওসি রবিউল ইসলামকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।এদিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান জানান, সংঘর্ষ ও বোমা হামলার ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসান ইমাম ৯৫ জনকে আসামি করে এ মামলা করেন। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম খান (স্থানীয় সাংসদ জয়নাল আবেদীনের সমর্থিত পক্ষ) সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। গোলাম রসুল (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলীর সমর্থিত পক্ষ) বাদী হয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল মান্নানসহ ২৮ জনকে এবং রাইপুর আওয়ামী লীগের সভাপতি খন্দকার আবুল হায়াত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ৪০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। গ্রেপ্তারের আতঙ্কে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী গা-ঢাকা দিয়েছেন।এএসপি মনিরুজ্জামান আরও জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনার দিনই আটজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, শিপন, হানিফ ও সজীব।সংবাদ সম্মেলন: সংঘর্ষের জন্য স্থানীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন, শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম ও পুলিশকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা আওয়ামী লীগ। তবে ইয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য, মেহেরপুর শহরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেড় কোটি টাকার কাজের দরপত্র দাখিল নিয়ে গত সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। স্থানীয় সাংসদ জয়নাল আবেদীন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলীর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।