মেহেরপুরে হিযবুত তাওহীদ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, আটক ৪
মেহেরপুরের গাংনী উপজেলায় হিযবুত তাওহীদের কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। উপজেলার সিন্দুরকৌটা গ্রামে আজ শুক্রবার এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে হিজবুত তাওহীদের চারজন কর্মীকে আটক করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মিরাজুল ইসলাম (৩২), জাহিদুল হক (২৯), শাহাজুল নবী (৩৪) ও নজরুল ইসলাম (২৫)।গ্রামবাসীর দাবি, হিজবুত তাওহীদের কর্মীরা সিন্দুরকৌটা গ্রামে অবস্থান করে ইসলাম ধর্মের নাম করে নানা অপপ্রচার চালিয়ে আসছিল। তারা এ বিষয়ে নানা প্রচারপত্র বিলি করে। আজ সকাল ১০টার দিকে এ নিয়ে তাদের সঙ্গে গ্রামবাসীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হিজবুত তাওহীদের কর্মী আহত সিরাজুল ইসলাম দাবি করেন, সকালে তাঁরা তাঁদের দলের আদর্শ ও উদ্দেশ মাইকে প্রচার করছিলেন। এমন সময় গ্রামের কিছু যুবক জোরপূর্বক প্রচার বন্ধ করে দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে হিজবুত তাওহীদের লিফলেট, পোস্টার ও সদস্য সংগ্রহ বই উদ্ধার করেছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে। আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।