মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
জেলার মোটর শ্রমিক ইউনিয়ন আজ বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে। এতে সারা দেশের সঙ্গে মেহেরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন শত শত যাত্রী। এদিকে আজ একই স্থানে একই সময়ে দুটি পক্ষ সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, শহরের বাইরের সড়কগুলোতে অটোবাইকে যাত্রী পরিবহন বন্ধ না করায় সংগঠনটি আবারও ধর্মঘটে ডেকেছে। ধর্মঘটের কারণে আজ ভোর থেকে মেহেরপুরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের মোটর যান চলাচল বন্ধ রয়েছে।এদিকে বাস শ্রমিক BDwbqb ও অটোবাইক চালক সমিতি আজ বিকেলে শহরের শামসুজ্জোহা পার্কে প্রতিবাদ সভা ডেকেছে। এতে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আজ একই সময়ে শহরের একই স্থানে বাস শ্রমিক ইউনিয়ন ও অটোবাইক চালক সমিতি প্রতিবাদ সভা আহ্বান করায় সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন এ ঘোষণা দেয়। শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।২৪ এপ্রিল বাস শ্রমিকেরা অটোবাইক চলাচলে বাধা সৃষ্টি করলে বাস শ্রমিক ও অটোবাইক চালকদের মধ্যে সংঘর্ষ হয়। শহরের বাইরের সড়কে অটোবাইক বন্ধের দাবিতে শ্রমিকেরা টানা তিন দিন বাস চলাচল বন্ধ রাখেন। গত ২৬ এপ্রিল মেহেরপুর জেলা প্রশাসক বেনজামির হেমব্রম উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকটি ব্যর্থ হলে বাস শ্রমিকেরা দ্বিতীয়বারের মতো অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ঘোষণা দেন।