মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নসিমন, করিমন, হাওয়ামন, আলমসাধু, ভটভটিসহ দেশীয় ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহন বন্ধের দাবিতে গত ২ জুলাই থেকে মেহেরপুর জেলা বাসমালিক ও জেলা বাস শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট এখনো চলছে। এ কারণে আজ রোববার মেহেরপুর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে কোনো বাস চলাচল করেনি। দুর্ভোগে পড়েছে যাত্রীরা। প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মঘটের পক্ষে আজ বাস শ্রমিকেরা শহরের বিভিন্ন মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। নসিমন-করিমনসহ দেশীয় ইঞ্জিনচালিত যানবাহনগুলো যেন চলাচল করতে না পারে, সেজন্য বাস শ্রমিকেরা লাঠি হাতে বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছে। শ্রমিক সংঘর্ষ এড়াতে মেহেরপুর শহরে, গাংনী ও মুজিবনগর উপজেলায় পুলিশ টহল জোরদার করা হয়। মেহেরপুর জেলা বাসমালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এ ধরনের যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু এর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে। মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে সরকারকে ফিস দিয়ে বাস চালায়। অথচ ওই সব চালকদের গাড়ি চালানোর জন্য কোনো লাইসেন্স নিতে হয় না। সম্পূর্ণ অবৈধভাবে এসব যানবাহন চলাচল করলেও সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এ ধর্মঘট শুরু করেছে। এদিকে নসিমন চালকদের দাবি, সরকার তাঁদের যানবাহন চলাচলে লাইসেন্স প্রথা চালু করলে তাঁরা তা মেনে নেবেন। কিন্তু এসব যান চলাচল বন্ধ করে দিলে কয়েক হাজার পরিবার চরম দুর্ভোগে পড়বে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিহাদ হোসেন জানান, পুলিশ উভয় পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠক করে দ্রুত বাস চলাচল চালু করার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।