মেহেরপুরে অবৈধ সিগারেট কারখানার সন্ধান
মেহেরপুর শহরের দীঘিরপাড়ায় একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে সিগারেট তৈরির সরঞ্জাম ও তৈরি সিগারেট উদ্ধার করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও সুজিত কুমার হাওলাদারের নেতৃত্বে আজ শুক্রবার র্যাব ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।র্যাব-৬-এর মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল দীঘিরপাড়ায় পরিত্যক্ত ভৈরব সাবান কারখানার ভবনে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে সিগারেট তৈরি করা হচ্ছিল। দলটি বিশ্বাস গোল্ড ও তিস্তা নামে দুই ধরনের তিন লাখ পিস সিগারেট ও সিগারেট তৈরির কাঁচামাল আটক করে। অভিযানকালে আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও শ্রমিকেরা পালিয়ে যান। কাউকে আটক করা যায়নি। ম্যাজিস্ট্রেট কারখানার সব মালামাল আটক ও জব্দ তালিকা করে কারখানাটি সিলগালা করে দিয়েছে।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে সিগারেটের প্যাকেটে জাল ব্র্যান্ড রোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।