মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী নেতা গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার কুলবাড়িয়া সড়ক থেকে অস্ত্র নিয়ে যাওয়ার সময় হোসেন ওরফে পিচ্চি হোসেনকে (২৫) গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর কাছ থেকে এলজি, শাটার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, হোসেন চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) মেহেরপুর অঞ্চলের কমান্ডার।র্যাবের ক্যাম্প অধিনায়ক এএসপি আবুল কালাম আজাদ জানান, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা গাংনী উপজেলার কুলবাড়িয়া গ্রামে অভিযান চালান। এ সময় চরমপন্থী নেতা হোসেনকে গ্রেপ্তার করে তাঁর দেহ তল্লাশি করে গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া জানান, গ্রেপ্তারকৃত হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় দুটি হত্যা মামলাসহ অনেক মামলা আছে। তিনি গত বছরের ১৩ জুলাই কাষ্টদাহ গ্রামের জয়নালকে গলা কেটে হত্যা করেন এবং গাংনীর সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম হত্যা মামলার আসামি।