মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ ২ জন গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রাম থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্য। গ্রেপ্তার হওয়া দুজন হলেন—মোমিন হোসেন (৩৭) ও আবুল কালাম (৪২)। তাঁদের বাড়ি গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রাম।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা অভিযোগ করে, প্রায় রাতে বিভিন্ন গ্রামে ডাকাতি ও চাঁদা দাবি করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু পুলিশ সেসব সামাল দিতে ব্যর্থ হওয়ায় সাধারণ গ্রামবাসীকে নিয়ে প্রতিরক্ষা দল গঠন করা হয়েছে। এ দলের সদস্যরা রাতে গ্রামে টহল দেয়। গতকাল রাতে টহল দেওয়ার সময় মানিকদিয়া গ্রামের ঝোড়পাড়ায় অস্ত্রসহ ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা ঝোড়পাড়ায় একজন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ খান টিপু সুলতান জানান, গ্রামবাসীর অভিযোগ সত্য নয়। তাদের তথ্যমতে পুলিশ অস্ত্রসহ দুই চরমপন্থী ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে আজ গাংনী থানাতে পাঠিয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, অস্ত্রসহ গ্রেপ্তার দুই চরমপন্থীর বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে। তাঁদের বিরুদ্ধে আরও মামলা আছে। আজ তাঁদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।