মেহেরপুরে অস্ত্র ও বোমাসহ জনযুদ্ধনেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি বিশেষ দল মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া হেমায়েতপুর গ্রাম থেকে হাফিজুর রহমান হাফি ওরফে রাজু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া রাজুর কাছ থেকে একটি শাটারগান, দুইটি কার্তুজ ও তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, হাফিজুর রহমান পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক সামরিক কমান্ডার। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমানের উপস্থিতিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, বিশেষ সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজুকে হেমায়েতপুর গ্রামের তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হাটুভাঙ্গা গ্রামের একটি কলাবাগান থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, হাফিজুর রহমানের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন থানায় তিনটি হত্যাসহ ১২টি মামলা আছে। জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার ১১ অক্টোবর পুলিশ ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর হাফিজুর ওই পদে দায়িত্ব পান।