মেহেরপুরে অস্ত্রসহ ৪ চরমপন্থী গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব ও পুলিশের একটি দল চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি অস্ত্র ও ১৩টি বোমা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাংনী উপজেলার দেবীপুর গ্রামের মুন্নাফ হোসেন (২২), রামনগর গ্রামের সিলন (২১), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আলমগীর হোসেন (৩০) এবং একই উপজেলার তারাগুনিয়া গ্রামের নজরুল ইসলাম (২৫)।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, গাংনী উপজেলার রামনগর গ্রামের একটি কাঁঠালবাগানে গতকাল রাত দুইটার দিকে ৮-১০ জনের একটি চরমপন্থী দল গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চরমপন্থীদের ঘিরে ফেলে। এ সময় চার চরমপন্থীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি এলজি শাটারগান, ১৩টি বোমা এবং একটি হাসুয়া উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও বোমাবাজি মামলার আসামি। তাঁরা চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য।