মেহেরপুরে আ.লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষে নিহত ১
চাঁদা না দিয়ে জমির ফসল কাটা নিয়ে গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর এক পক্ষ অপর পক্ষের বাড়িতে গিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করে।নিহত ব্যক্তির নাম কাবিরুল ইসলাম (২৬)। তাঁর বাবার নাম আরশেদ আলী। বাড়ি রশিকপুর গ্রামের খানপাড়ায়। কাবিরুল বিএনপির কর্মী বলে দাবি করা হচ্ছে।এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ওই সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন রশিকপুর গ্রামের ইয়াসিন (২৯), হারুন (৩১), ফিয়াজ (২৮), কুদ্দুস (৫০), ময়েন আলী (৩৫), পাকসার আলী (২৭) ও হারু খাঁ (৩৩)। মেহেরপুর জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, চারজন এই হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত কুদ্দুস ও ময়েন আলীকে রাজশাহীতে এবং ফিয়াজকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাগোয়ান ইউনিয়নের ওই গ্রামের বিএনপির সমর্থক সুরুজ পক্ষের লোকজন গতকাল ভোর ছয়টার দিকে নিজেদের জমির গম কাটতে গেলে আওয়ামী লীগের সমর্থক কুদ্দুস পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের সাতজন আহত হন। পরে কুদ্দুস পক্ষের লোকেরা প্রতিপক্ষের বাড়িতে গিয়ে কাবিরুলকে কুপিয়ে হত্যা করে।নিহতের স্ত্রী আনোয়ারা খাতুন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাঁরা সবাই বাড়ির মধ্যে লুকিয়ে পড়েন। এ সময় কুদ্দুস পক্ষের ৮-১০ জন সন্ত্রাসী বড় বড় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালান। কাবিরুল ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে।তবে কুদ্দুস পক্ষের মহিত, জয়নাল, আকরাম এই হতাহতের জন্য সুরুজ পক্ষকে দায়ী করে বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে তাঁদের (কুদ্দুস পক্ষ) লোকজনের ওপরও একই ধরনের নির্যাতন হওয়ায় গ্রামের ক্ষুব্ধ লোকজন এ ঘটনা ঘটাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, রশিকপুর গ্রামটি এক বছর ধরে চিহ্নিত কিছু সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে পড়েছে। সন্ত্রাসীরা জমির ফসলের ওপর পর্যন্ত চাঁদা দাবি করছে। চাঁদা না দিয়ে ফসল কাটায় গত তিন মাসে গ্রামের ১০ জনকে আহত করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় গ্রামের প্রায় ৪০ জন ঘরছাড়া হয়েছেন।মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা বলেন, বিবদমান দুটি পক্ষের অনেকেই জেলার এক সাংসদের আত্মীয়। এর পেছনে দলীয় কোনো ইন্ধন নেই। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী প্রথম আলোকে বলেন, তিনিও চেষ্টা চালিয়ে রশিকপুর গ্রামের দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হয়েছেন। নাম প্রকাশ না করে দলের একজন নেতা বলেন, কুদ্দুস পক্ষের লোকজনের কর্মকাণ্ডে দলের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।নিহত কাবিরুল বিএনপির কর্মী দাবি করে মেহেরপুর-৩ আসনের সাংসদ ও দলের জেলা সভাপতি আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে সুরুজসহ বিএনপির সমর্থকেরা হুমকির মুখে।ওই গ্রামের সন্ত্রাসীদের মোকাবিলায় পুলিশও অনেকটা অসহায় বলে স্বীকার করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় রশিকপুর গ্রামের দুই সহোদর আব্বাস ও হাবিবুর এবং অপর দুই ভাই খোকন ও ওমর আলীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ওসি জানান, কুদ্দুস পক্ষের কর্মীরা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন ও পুলিশের খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাপরিদর্শক সিদ্দিকুর রহমান গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চুয়াডাঙ্গা থেকে পুলিশ এনে ওই গ্রামে মোতায়েন করা হয়েছে।