মেহেরপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
মেহেরপুর জেলার গাংনী উপজেলা সদরে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আবদুস সালাম নামক এক ব্যক্তি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে আবারও ইট-পাটকেল নিক্ষেপ, বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষের একপর্যায়ে দুপুরের দিকে প্রতিপক্ষের গুলিতে উপজেলা সদরের শিশিরপাড়া এলাকার আবদুস সালাম নামের এক ব্যক্তি নিহত হন বলে তাঁর পারিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক চীন সফর শেষে এলাকায় ফিরলে তাঁর পক্ষের নেতা-কর্মীরা গতকাল বুধবার বিকেল পাঁচটায় এক সংবর্ধনার আয়োজন করেন। অন্যদিকে সাবেক সাংসদ মকবুল হোসেনের সমর্থকেরা এই সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।মেহেরপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ ও পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনা নিরসনে উভয় পক্ষের নেতাদের নিয়ে আলোচনা করেও সমস্যা সমাধান করা যায়নি।মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মনিরুজ্জামান জানান, যেকোনো ধরনের অস্থীতিশীল পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।