মেহেরপুরে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
মেহেরপুরে বাস ও ট্রাক শ্রমিকেরা আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এক শ্রমিকনেতা আটকের অভিযোগে তাঁরা এ ধর্মঘটের ডাক দেন। ফলে মেহেরপুর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। একই সঙ্গে কাঁচা মালামাল পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।উল্লেখ্য, গতকাল সোমবার রাতে গোয়েন্দা পুলিশ হবিবুর রহমান ওরফে হবি নামের ওই ব্যক্তিকে গাংনীর বামুন্দী এলাকা থেকে গ্রেপ্তার করে। মেহেরপুর জেলা বাসশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব ওরফে সোনা জানান, আটক হবি বামুন্দী ইউনিয়ন বাসশ্রমিক সমিতির সহসভাপতি। তাঁর বিরুদ্ধে কোনো সন্ত্রাসী মামলা আছে কি না, তাঁদের জানা নেই। কিন্তু তাঁকে আটকের পর পুলিশ তাঁর অবস্থান গোপন করায় বাস ও ট্রাক শ্রমিকেরা সম্মিলিতভাবে এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। আটক নেতার অবস্থান না জানা পর্যন্ত শ্রমিকেরা এ ধর্মঘট চালাবেন।মেহেরপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশ কোনো শ্রমিকনেতাকে আটক করেনি। একাধিক হত্যা, অস্ত্র ও বোমা হামলা মামলার পলাতক হবিকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে মেহেরপুরের কিছু শ্রমিকনেতা এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। আটক হবি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।