মেহেরপুরে আবারও অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
বাসমালিক ও শ্রমিকদের তিন দফা দাবি পূরণ না হওয়ায় এবং নছিমন, করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত সব অবৈধ যানবহন চলাচল বন্ধের দাবিতে মেহেরপুর জেলা বাস মালিক ও বাস শ্রমিক সমিতি আবারও বাস ধর্মঘটের ডাক দিয়েছে।আজ বৃহস্পতিবার সকাল থেকেই এই অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়। ফলে মেহেরপুরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম জানান, ২ জুলাই থেকে জেলায় বাস ধর্মঘট শুরু হলে ৪ জুলাই তাঁরা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন।বৈঠকে জেলা প্রশাসক উল্লিখিত তিন দফা শর্ত তিন দিনের মধ্যে পূরণের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। কিন্তু জেলা প্রশাসক তিন দফা শর্ত নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণে ব্যর্থ হওয়ায় তাঁরা আবারও অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন। এবার নছিমন, করিমন চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন বলেও তিনি জানিয়েছেন।মেহেরপুর জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম বলেন, ‘জেলা প্রশাসনের প্রথম উদ্যোগ ব্যর্থ হলেও বাস ধর্মঘট প্রত্যাহারে জেলা প্রশাসনের উদ্যোগ থেমে নেই। আমরা ধর্মঘট তুলে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’