মেহেরপুরে কলেজে আ.লীগ নেতার তালা কুষ্টিয়ায় ভর্তি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর ঠিক দুইটা। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ডিগ্রি কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষে পাঠদান চলছিল। আকস্মিক কয়েকজন লোক প্রতিটি শ্রেণীকক্ষে ঢুকে জোর করে শিক্ষক-শিক্ষার্থীদের বের করে দেয়। এরপর একে একে সবগুলো কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর শিক্ষার্থী ও শিক্ষকেরা জানতে পারেন, পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে তাঁর লোকজন কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে।গতকাল সোমবার ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম বন্ধ করে দেন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিভিন্ন বিষয়ে ভর্তিতে ২০০ আসন দাবি করে তাঁরা কার্যক্রম বন্ধ করে দেন বলে অভিযোগ উঠেছে।কলেজে আ.লীগ নেতার তালা: মহাজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান গতকাল বিকেল চারটার দিকে জানান, কলেজটি ২০০০ সালে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০। কয়েক বছর ধরে এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) চেষ্টা করলেও আজ অবধি এটি এমপিওভুক্ত হয়নি। বলা যায়, শিক্ষকদের স্বেচ্ছাশ্রমেই টিকে আছে কলেজটি।অধ্যক্ষ অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরপরই মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাজনপুর গ্রামের আমাম হোসেন ওরফে মিলু কলেজের ইংরেজি শিক্ষক পদে ফারুক হোসেনকে নিয়োগের জন্য চাপ দেন। কিন্তু মহাজনপুর ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সাংসদ জয়নাল আবেদীনের লিখিত সুপারিশের ভিত্তিতে আলমগীর হোসেন নামে একজনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমাম তাঁকে (অধ্যক্ষ) দেখে নেওয়ার হুমকি দেন। এরই জের ধরে গতকাল মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে লোকজন পাঠদান চলাকালে কলেজে ঢুকে শ্রেণীকক্ষ ও অফিস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের জোর করে বের করে দেয়। এরপর কলেজের সব কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় কলেজের কয়েকজন শিক্ষক বের হতে না চাইলে তাঁদের হেনস্তাও করা হয়। অধ্যক্ষ জানান, ঘটনাটি সাংসদকে জানালে তিনি কয়েক দিন পর এলাকায় ফিরে এর সুরাহা করবেন বলে জানিয়েছেন।কলেজের ক্রীড়াশিক্ষক শামীম জাহাঙ্গীর অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের কলেজে না যেতে হুমকি দিয়েছেন। কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আলী নেওয়াজ ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলে, শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধে একটি কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না।মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ মহাজনপুর গ্রামের সন্তানকে নিয়োগ না দিয়ে পার্শ্ববর্তী চারুলিয়া গ্রামের আলমগীরকে নিয়োগ দেওয়ায় তাঁর নেতৃত্বে ক্ষুব্ধ গ্রামবাসী কলেজ বন্ধ করে দিয়েছে। গোলাম মোস্তফা বলেন, ‘দল ক্ষমতায় আর দলীয় লোক চাকরি পাবে না, তা হবে না।’মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। অধ্যক্ষ চারুলিয়া গ্রামের বিএনপির এক ক্যাডারকে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। তাই গ্রামবাসী কলেজের অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত কলেজ বন্ধের দাবি জানিয়েছে।মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ারা বেগম বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে গ্রামের সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই।ঢাকায় অবস্থানকারী সাংসদ জয়নাল আবেদীন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মহাজনপুর কলেজের ইংরেজি শিক্ষক পদে নিয়োগের জন্য তিনি কারও পক্ষে সুপারিশ করেননি। তিনি এলাকায় ফিরে সব পক্ষকে নিয়ে বসে বিষয়টির মীমাংসা করবেন। সাংসদ কবে ফিরবেন তা সুনির্দিষ্ট করে জানাননি। তত দিন কি কলেজ বন্ধ থাকবে—এমন প্রশ্নের কোনো জবাব দেননি সাংসদ।ভর্তি কার্যক্রম বন্ধ করে দিল ছাত্রলীগ: কুষ্টিয়া সরকারি কলেজ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন বিষয়ে তাঁদের মনোনীত শিক্ষার্থীদের ভর্তির জন্য ২০০ আসন দাবি করেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এভাবে কোনো আসন বরাদ্দের সুযোগ নেই। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে হিসাব শাখায় গিয়ে ক্যাশ কাউন্টার বন্ধ করে দেন এবং কলেজে মিছিল বের করেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কলেজের ২২৩ নম্বর কক্ষে মানবিক ও ২০৬ নম্বর কক্ষে ব্যবসায় শাখার মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ও মননোয়ন ফরম দেওয়া চলছিল। এ সময় হঠাত্ করে কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই কক্ষ দুটিতে প্রবেশ করে পরীক্ষা বন্ধ করে দেন।নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষার দায়িত্বে থাকা এক শিক্ষক বলেন, মৌখিক পরীক্ষা শুরু করা মাত্রই ছাত্রলীগের নেতা-কর্মীরা কক্ষে প্রবেশ করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও শিক্ষকদের হুমকি দিয়ে বের করে দেন। নেতা-কর্মীদের হট্টগোলে গোটা কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কলেজের ওই কক্ষ দুটিতে সামান্য ভাঙচুর চালান।কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়। বিকেলে শিক্ষক পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, মঙ্গলবার (আজ) সকাল থেকে ভর্তিপ্রক্রিয়া আবার শুরু হবে।কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘সকালে খবর পাই, অধ্যক্ষসহ কয়েকজন অসাধু শিক্ষক মেধা তালিকা বাদ দিয়ে শিক্ষার্থী ভর্তি করছেন। এর প্রতিবাদে ভর্তি কার্যক্রম ও মৌখিক পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আলোচনা সাপেক্ষে আবার ভর্তিপ্রক্রিয়া শুরু হবে।