মেহেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রাম থেকে আজ শুক্রবার সকালে সাগরিকা (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ভাইয়ের অভিযোগ তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।এ ঘটনায় সাগরিকার ভাই আবদুল মালেক গাংনী থানায় সাগরিকার দেবর ও শাশুড়িকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।নিহতের অপর ভাই আবদুল খালেক ও এলাকাবাসী জানায়, নিহত সাগরিকার স্বামী হামিদুল ইসলাম বিয়ের দুই বছর পর কাজের জন্য সৌদি আরবে গেছেন। সাগরিকা তাঁর একমাত্র সন্তানকে নিয়ে শ্বশুড়বাড়িতে থাকেন। বিদেশ থেকে স্বামী টাকা পাঠালে তা নিয়ে সাগরিকার সঙ্গে দেবর-শাশুড়ির মাঝেমধ্যেই ঝগড়া হতো। আজ সকালে লোকজনের চিত্কার শুনে গ্রামবাসী বাড়ির ভেতরে গিয়ে সাগরিকার লাশ দেখতে পায়। লাশটি তাঁর ঘরে ছাউনির বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রোকনুজ্জামান জানান, আলামত দেখে মনে হচ্ছে ঘটনাটি হত্যা কিংবা হত্যায় বাধ্য করা। ঘটনার পর থেকে নিহতের দেবর ও শাশুড়ি পলাতক আছেন। ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে।আবদুল মালেক জানান, তাঁর বোনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ বাঁশের খুঁটির সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। এ অভিযোগে তিনি বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেছেন।