মেহেরপুরে গ্রামের স্কুলগুলো হতাশ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে শহর ও শহরতলীর স্কুলগুলো তুলনামূলক ভালো ফলাফল করেছে। কিন্তু গ্রামের স্কুলগুলোর ফলাফল হতাশ করার মতো।জেলার ৭০ ভাগ স্কুলে পাসের হার সন্তোষজনক হলেও এসব স্কুল থেকে কেউ জিপিএ-৫ পায়নি। মেহেরপুর সদর উপজেলার ৩৫টি স্কুলের মধ্যে মাত্র ২৪টি স্কুলে কমবেশি জিপিএ-৫ পেয়েছে। গাংনীর ৪৫টি স্কুলের মধ্যে ২২টি থেকে জিপিএ-৫ পেয়েছে, তবে এ ক্ষেত্রে এগিয়ে মুজিবনগর উপজেলার স্কুলগুলো। শীর্ষ ১০-এ মুজিবনগরের মাত্র একটি স্কুল স্থান পেলেও এই উপজেলার ১৫টি স্কুলের মধ্যে ১৩টি থেকে জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা।জেলার ৯৫টি স্কুলের মধ্যে ৪৭টি থেকে কেউই জিপিএ-৫ পায়নি। এগুলো বেশির ভাগই গ্রামের। এর মধ্যে উল্লেখযোগ্য মেহেরপুর সদর উপজেলার গোভীপুর, কাজী কুদরুতুল, কুলবাড়িয়া, আশরাফপুর, শোলমারী, ভৈরব বালিকা, হাতিভাঙ্গা, মেহেরপুর মাধ্যমিক বালিকা, শালিকা, টেংরামারী, কান্দেবপুর, আমঝুপি বালিকা, সাহেবপুর, গোপালপুর, ঝাউবাড়িয়া, হরিরামপুর এবং হরিরামপুর সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় অন্যতম। একই অবস্থা গাংনী উপজেলার হাটবোয়ালিয়া, করমদী, বামুন্দী নিশিপুর, হিজুলবাড়িয়া, তেঁতুলবাড়িয়া, গাঁড়াডোব মাধ্যমিক স্কুল ও মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক স্কুল।সেরা ১০-এ যারা: মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবার জেলার শীর্ষ ১০-এ প্রথম স্থান করে নিয়েছে। এই স্কুলে ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। এবারও সর্বোচ্চ ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে গাংনী মডেল হাইস্কুল থেকে, তবে তালিকায় স্কুলটির অবস্থান তৃতীয়। এই স্কুলের ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৩ জন।শীর্ষ ১০-এর তালিকায় মেহেরপুর সদর উপজেলার চারটি স্কুল (মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়), গাংনী উপজেলার পাঁচটি স্কুল (গাংনী সন্ধানী হাইস্কুল, গাংনী মডেল হাইস্কুল, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও এসকেএস মাধ্যমিক বিদ্যালয়) এবং মুজিবনগর উপজেলার একটি স্কুল (শিবপুর মাধ্যমিক বিদ্যালয়) স্থান পেয়েছে।শত ভাগ পাস করেছে পাঁচটি স্কুলে: জেলায় এবার পাঁচটি স্কুলের শত ভাগ পরীক্ষার্থী পাস করেছে। গাংনী উপজেলার সন্ধানী হাইস্কুলের ৫৪ জন পরীক্ষার্থী সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। একই উপজেলার লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ঘরের ছাদ নেই। বৃষ্টি হলে স্কুল ছুটি দিতে হয়। খরা মৌসুমে শিক্ষার্থীরা গাছের নিচে বসে ক্লাস করে। শিক্ষকদের বসার একটা চেয়ার পর্যন্ত নেই। এত প্রতিকূলতার মধ্যেও এই স্কুলের ৪৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন।এদিকে দুই বছর শত ভাগ পরীক্ষার্থী ফেল করার পর এবার মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থীর সবাই পাস করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, নিজেদের দোষেই ফল বিপর্যয় হতো। এবার নিজেদের আন্তরিকতার কারণেই ফল ভালো হয়েছে।এ ছাড়া গাংনীর জ্যোতি মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ১০) ও গাংনীর ভাটপাড়া কসবা মাধ্যমিক বিদ্যালয় (২৭ পরীক্ষার্থীর সবাই পাস, জিপিএ-৫ একজন) থেকে শত ভাগ পাস করেছে।