মেহেরপুরে চরমপন্থী নেতাকে জবাই করে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে আজ সোমবার ভোর রাত চারটার দিকে সন্ত্রাসীরা একজন চরমপন্থী নেতাকে জবাই করে হত্যা করেছে। সকালে গাংনী থানার পুলিশ বানিয়াপুকুর-যুগিরগোফা সড়কে পীততলা মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে।নিহতের নাম আতিয়ার রহমান (৪০)। তিনি বানিয়াপুকুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আতিয়ার দীর্ঘদিন ধরে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল—লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নামে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি, বোমাবাজিসহ চারটি মামলা রয়েছে। সন্ত্রাসীদের অন্তর্কোন্দলে তিনি খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরও জানান, মেহেরপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।মতিয়ার রহমান জানান, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বানিয়াপুকুর গ্রামের রবিউল ইসলামকে আটক করা হয়েছে।