মেহেরপুরে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা মাওবাদী কংগ্রেসের ৩ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা মাওবাদী কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড জামরুল এবং তাঁর দুই সহযোগী হালিম ও মহিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে গাংনীর বামুন্দি এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি গাংনী উপজেলার মটমুড়া গ্রামে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা জানান, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ১৬ জানুয়ারি গভীর রাতে গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের আদম আলী নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। মোবাইল ফোনে পূর্ব বাংলা মাওবাদী কংগ্রেস এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ওই মোবাইল ফোন নম্বরের সূত্র ধরেই গত রাতে বামুন্দি পেট্রলপাম্প এলাকা থেকে প্রথমে জামরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গাংনীর রামনগর এলাকা থেকে হালিম ও মহিরুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁরা ইটভাটাগুলোতে চাঁদাবাজি ও বোমা হামলা চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। গাংনী থানায় তাঁদের নামে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং অপহরণের পাঁচটি মামলাসহ অনেক অভিযোগ রয়েছে।