মেহেরপুরে ছাত্রদের মিছিল মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মাস্তান থেকে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছি, তোর মতো শিক্ষককে মারলে কী হবে’—এই বলে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে লাঞ্ছিত করেছেন মেহেরপুর জেলা জাতীয় পার্টি (নাজিউর-মঞ্জু) গ্রুপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলের জেলা সভাপতি শেখ সাঈদ আহমেদ। এরই প্রতিবাদে বিদ্যালয়ের শত শত ছাত্র ক্লাস বর্জন করে রাস্তায় বিক্ষোভ মিছিল ও বিচার দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন অব্যাহত রেখেছে। ১০ আগস্ট একই দাবিতে স্কুলের ছাত্ররা ক্লাস শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছে।ছাত্রদের অভিযোগ, অসদাচরণের অভিযোগে শেখ সাঈদ আহমেদের ছেলেকে পরীক্ষা থেকে বহিষ্কার করার অপরাধে ছাত্রদের সামনে স্কুলের শিক্ষককে ওই নেতা লাঞ্ছিত করেন। এ সময় তিনি বলেন, ‘আমি মাস্তান থেকে রাজনীতিবিদ হয়েছি। এখন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। কদিন পর এমপি-মন্ত্রী হব। শালা এত বড় সাহস আমার ছেলেকে বহিষ্কার করিস। তোর মতো শিক্ষককে মারলে কী হবে।’ এরই প্রতিবাদে ছাত্ররা ৯ আগস্ট দুপুরে স্কুল থেকে মিছিল বের করে। ছাত্ররা স্লোগান দিয়ে মিছিল নিয়ে মেহেরপুর প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গিয়ে মানববন্ধন করে। এই সময় ছাত্ররা এই ঘটনার বিচার দাবি করে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় তারা। শিক্ষক নাসির উদ্দিন জানান, ৮ আগস্ট শেখ শাহরিয়ার সিয়াম নামের স্কুলের নবম শ্রেণীর এক ছাত্র অর্ধবার্ষিক পরীক্ষায় নকল করছিল। সে পড়াশোনায় খুবই খারাপ। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও ছাত্রটি নকল করার দায়ে তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়। এই অপরাধে ছাত্রটির বাবা শেখ সাঈদ আহমেদ নিজেকে রাজনৈতিক দলের বড় নেতা পরিচয় দিয়ে প্রথমে তাঁর ছেলেকে কেন বহিষ্কার করা হলো, এ নিয়ে ধমক দেন। পরে ‘তোর মতো শিক্ষককে মারলে কী হবে’ বলে তাঁকে লাঞ্ছিত করেন।স্কুলের প্রধান শিক্ষক নূরজাহান বেগম বলেন, ‘এমন অভিভাবকদের কারণেই ইদানীং ছাত্ররা পড়াশোনায় চরম অমনোযোগী হয়ে মাদকে ঝুঁকছে। এই ধরনের অভিভাবকদের কারণে ছাত্র ও শিক্ষকদের দূরত্ব সৃষ্টি হচ্ছে। যে কারণে শিক্ষকদের দ্বারা স্কুলে ছাত্রকে পাঠদানে বাধ্য করানো যাচ্ছে না।’এই ব্যাপারে অভিভাবক শেখ সাঈদ আহমেদ বলেন, ‘ছেলের মুখের কথা বিশ্বাস করে একটু সেন্টিমেন্টাল হয়ে স্কুলে ছুটে গিয়েছিলাম। সেখানে উত্তেজনার বশে শিক্ষকের সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছি। তবে লাঞ্ছিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।’