মেহেরপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ১
মেহেরপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন। ছিনতাইকারীরা তাঁদের ব্যবহূত মোটরসাইকেলসহ অন্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গতকাল বুধবার রাত একটার দিকে মেহেরপুরের চাঁদবিল-ময়ামারী সড়কে এ ঘটনা ঘটে।ছিনতাইকারীদের হাতে নিহত ব্যক্তির নাম শহীদুল ইসলাম (২২)। আহত গোলাম মোস্তফা (৪৫) নিহত শহীদুলের বাবা। গুরুতর আহত অবস্থায় তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ময়ামারী গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, চাঁদবিল বাজারে রকি টেইলার্স নামে তাঁদের একটি দোকান রয়েছে। গতকাল রাত একটার দিকে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় চাঁদবিল-ময়ামারী সড়কের ওপর ছিনতাইকারীরা রাস্তার পাশের গাছের সঙ্গে রশি বেঁধে তাঁদের গতি রোধ করে। তাঁরা মোটরসাইকেল থামালে ছিনতাইকারীরা শহীদুলকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং তাঁর বাবা গোলাম মোস্তফার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে মোটরসাইকেল ও অন্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, এ ঘটনার পর রাস্তায় পুলিশের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে মাদকাসক্ত যুবকেরা এসব ঘটনা ঘটাচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে বলেও তিনি জানান।